IPL 2026

হারতে থাকা কেকেআর অধিনায়কের আশ্বাসবাণী! তবে সেখানেও অভাব আত্মবিশ্বাসের

টানা ছয় ম্যাচ জয়হীন কেকেআর। তার পরও সমর্থকদের পাশে থাকার আর্জি অজিঙ্ক রাহানের। কলকাতাবাসীর জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান। যদিও তাঁর আশ্বাসে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:০৬
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

হেরেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছুই ঠিকঠাক করতে পারছে না অজিঙ্ক রাহানের দল। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে ম্যাচের পর ম্যাচ। গুজরাত টাইটান্সের কাছে হারের পরও কেকেআর সমর্থকদের ভরসা রাখার আবেদন জানাচ্ছেন রাহানে। কলকাতাবাসীর জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

কেকেআরের খেলা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পরিকল্পনা, প্রথম একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। আইপিএলের ধারাভাষ্যকারদের একাংশের মতে, কেকেআর দু’তিন বছর আগের টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। ২০ ওভারের খেলা অনেক বদলে গিয়েছে। কেকেআর যে ক্রিকেট খেলছে, তা এখন অচল। রাহানে অবশ্য হাল ছাড়তে নারাজ। লড়াইয়ে ময়দান ছেড়ে পালাতে নারাজ মুম্বইয়ের ক্রিকেটার।

গুজরাত ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহানে বলেছেন, ‘‘কেকেআর সমর্থকদের বলব, আমরা জানি অসাধারণ সমর্থন পাচ্ছি। আমরা কলকাতার মানুষের জন্য খেলছি। তাঁদের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ভাবনা খুব পরিষ্কার। একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবার চেষ্টা করছি আমরা। শনিবার কলকাতায় ফিরে আমরা আলোচনা করব।’’ রবিবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালদের রাজস্থান রয়্যালস। মাত্র এক দিনের ব্যবধানে দলে কী বিশেষ পরিবর্তন করতে পারবেন, তার কোনও দিশা অবশ্য দিতে পারেননি কেকেআর অধিনায়ক।

Advertisement

রাহানে বলেছেন, ‘‘আমরা খুব দূরের কথা ভাবতে চাইছি না। টানা হারতে থাকলে কষ্ট হয়। কেউ হারতে চায় না। সকলে জেতার জন্যই মাঠে নামি। কিন্তু এটাই খেলার নিয়ম। খেলোয়াড় হিসাবে এই কঠিন পরিস্থিতি মেনে নিতেই হয়। মাথা উঁচু রাখতে হবে। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’’

রাহানে হয়তো এখনও বুঝতে পারছেন না, চেষ্টা করেও তাঁর দল সেরাটা দিতে পারছে না। শুধু চেষ্টায় লাভ কিছু হচ্ছে না। অথবা তাঁদের সেরাটা এখনকার আইপিএলের মানের সঙ্গে খাপ খাচ্ছে না। টানা ব্যর্থতা নিয়ে আদৌ কোনও পর্যালোচনা হচ্ছে শিবিরে? রাহানে বলেছেন, ‘‘জিতি বা হারি, আমরা সব সময় আলোচনা করি। কী ভাবে উন্নতি করা যায়, তা নিয়ে কথা হয়। মানতেই হবে, কোনও কিছুই আমাদের পক্ষে আসছে না। এই কঠিন অস্বস্তিকর সময়ে আমরা প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসাবে দেখছি। আমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতেই হবে। দলের প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে। অন্যের সাফল্য উপভোগ করতে হবে।’’

Advertisement

রাহানে সাফল্য উপভোগ করার কথা বলছেন। অথচ আইপিএলের প্রথম ছয় ম্যাচে কেকেআরের ক্রিকেটারেরা এমন কোনও সাফল্য পাননি, যা উপভোগ করা যায়। রাহানেদের পারফরম্যান্স এখনও পর্যন্ত কেকেআর সমর্থকদের হতাশা ছাড়া কিছু দিতে পারেনি। তা-ও আশ্বাস দিচ্ছেন অধিনায়ক! রাহানে বলেছেন, ‘‘আমাদের মূল বিষয় হল, মাঠে নেমে ইতিবাচক থাকা এবং স্বাধীন ক্রিকেট খেলা। দলের সকলে খুব কঠোর পরিশ্রম করছে। টি-টোয়েন্টি ক্রিকেটের আসল বিষয় হল ছোট ছোট গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জেতা। একটা বা দুটো ভাল ওভার সব বদলে দিতে পারে।’’

কোন কোন বিষয় টি-টোয়েন্টি ম্যাচের ফল বদলাতে পারে, জানেন রাহানেরা। প্রথম ছ’ম্যাচের পর আরও একটা বিষয় পরিষ্কার, কেকেআরের ক্রিকেটারেরা বদলাতে পারছেন না। ছোট ছোট গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জিততে পারছেন না। ম্যাচের কোনও অংশকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। ব্যাটারেরা পারছেন না। বোলারেরা পারছেন না। রাহানের নেতৃত্বও পারছে না। অধিনায়কের আশ্বাসেও আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement