IPL 2026

খেলা তো দূর, চেন্নাইয়ের ম্যাচে কেন মাঠেও আসছেন না ধোনি? জানালেন দলের ব্যাটিং কোচ

চোটের কারণে চলতি আইপিএলে একটিও ম্যাচে খেলেননি তিনি। শুধু তাই নয়, চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও আসছেন না। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি? উত্তর দিলেন ব্যাটিং কোচ মাইক হাসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২৩:০৭
Share:

অনুশীলনে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

চোটের কারণে চলতি আইপিএলে একটিও ম্যাচে খেলেননি তিনি। এখন সুস্থ হলেও তাঁকে খেলতে দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও আসছেন না। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি? শুক্রবার উত্তর দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

Advertisement

চেন্নাইয়ের অনুশীলনে হাজির থাকতে দেখা যাচ্ছে ধোনিকে। সকলের সঙ্গে হাসিঠাট্টায় মেতে অনুশীলনও করছেন। অথচ ম্যাচের দিন হোটেলের ঘরেই আটকে রাখছেন নিজেকে। দলকে উৎসাহ দিতে মাঠে আসছেন না।

হাসি জানিয়েছেন, অকারণে যাতে সব নজর ধোনির দিকে ঘুরে না যায় তাই জন্যই তিনি মাঠে আসছেন না। হাসির কথায়, “ধোনি দলের কথা ভাবে। ও সব সময় চায় দলের ভাল কিসে হবে। তাই ওর ধারণা, মাঠে এলে বাকিদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। নিশ্চিত ভাবে ক্যামেরা বার বার ধোনিকেই ধরবে। দর্শকেরাও ধোনিকে দেখে চিৎকার করবে। আরও অনেক কিছু হতে পারে। ধোনি চায় দল শান্ত মাথায় নিজেদের কাজটা করুক। তাই ও মাঠে আসছে না।”

Advertisement

হাসির সংযোজন, “এটা ঠিক সিদ্ধান্ত না ভুল সেটা বিচার করা আমার কাজ নয়। তবে এটুকু জানি, ধোনির মাঠে না আসার কারণ এটাই।” অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ধোনি মাঠে না এলেও হোটেল থেকে নিবিড় ভাবে চেন্নাইয়ের ম্যাচ দেখেন। অনুশীলনেও তিনি অত্যন্ত সক্রিয় থাকেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দলকে আত্মবিশ্বাসী করার কাজ করেন।

হাসির কথায়, “ঘর থেকে মন দিয়ে দলের ম্যাচ দেখে ধোনি। ব্যক্তিগত ভাবে সাজঘরে ওকে সব সময় দেখতে চাই। ধোনি থাকলে বুদ্ধির অভাব হয় না। বাকিদেরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। এই কাজটা ও অনুশীলনে করে থাকে। অনুশীলনে সব সময় মজার মেজাজে থাকে। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা করে। কিন্তু কখনওই চায় না ওর জন্য বাকিদের মনোযোগে ব্যাঘাত ঘটুক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement