আইএসএল ডার্বি। —ফাইল চিত্র।
আইএসএল শেষ হওয়ার পর ভারতীয় ফুটবল মরসুম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বছর আইএসএল কী ভাবে এবং কবে হবে, নির্দিষ্ট ভাবে জানাতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। কোনও নিশ্চয়তা না থাকায় বিভিন্ন ক্লাবের বিদেশি কোচ, ফুটবলারেরা থাকতে চাইছেন না। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ভারতীয় ফুটবলের সম্ভাব্য ক্যালেন্ডার।
এআইএফএফ যে সম্ভাব্য ক্যালেন্ডার প্রকাশ করেছে, তাতে আগামী মরসুমে পূর্ণাঙ্গ আইএসএল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেডারেশন কাপ-সহ অন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলিও হবে। আগামী আইএসএল শুরু হতে পারে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে। চলবে ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রায় সাড়ে সাত মাস ধরে চলবে দেশের সেরা ফুটবল লিগ। আইএসএলের পর হবে ফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা হতে পারে ২০২৭ সালের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএল শুরু হতে পারে আগামী ৯ অক্টোবর। চলবে ২০২৭ সালের ১৪ মার্চ পর্যন্ত। মহিলাদের জাতীয় লিগ শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। চলবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।
অনিশ্চয়তা এবং নানা জল্পনার মধ্যেই এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আশ্বাস দেন, আগামী মরসুমে প্রত্যাশিত ভাবেই হবে আইএসএল। ফেডারেশনের সম্ভাব্য ফুটবল ক্যালেন্ডারেও প্রয়োজনীয় সময় বরাদ্দ করা হয়েছে। আশাবাদী হতে পারেন ফুটবলার এবং ফুটবলপ্রেমীরা।