FIFA World Cup 2026

দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল ইংল্যান্ডের, জোড়া গোল হ্যারি কেনের, রক্ষণের দুর্বলতায় হার ক্রোয়েশিয়ার, প্রশ্ন মদ্রিচকে নিয়েও

আট বছর আগে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। বুধবার রাতে ডালাসে ক্রোয়েশিয়াকে চার গোল মেরে ইংল্যান্ড বুঝিয়ে দিল, এ বার তাদের হালকা ভাবে নিলে ভুগতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৩:৩৩
Share:

বেলিংহ্যামের সঙ্গে উল্লাস কেনের (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড ৪ (কেন ২, বেলিংহ্যাম, রাশফোর্ড)
ক্রোয়েশিয়া ২ (বাতুরিনা, মুসা)

Advertisement

আট বছর আগে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। বুধবার রাতে ডালাসে সেই ক্রোয়েশিয়াকেই চার গোল মেরে ইংল্যান্ড বুঝিয়ে দিল, এ বার তাদের হালকা ভাবে নিলে ভুগতে হবে। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যে ফুটবল খেলেছে তা রোজ দেখা গেলে বিপক্ষ দলগুলির কপালে দুঃখ আছে। তরুণ দল নিয়েও ক্রোয়েশিয়ার কপালে হারই জুটল। রক্ষণ ডোবাল তাদের।

চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাদে মোটামুটি সব বড় তারকা ফুটবলারই গোল করেছেন। চোখ ছিল হ্যারি কেনের দিকেও। হতাশ করলেন না ইংল্যান্ডের অধিনায়ক। বায়ার্ন মিউনিখের হয়ে মরসুমটা ভাল গিয়েছে তাঁর। দেশের জার্সিতেও এই ম্যাচটা স্মরণীয় করে রাখলেন। দু’টি গোল এল তাঁর থেকে। একটি করে গোল জুড বেলিংহ্যাম এবং মার্কাস রাশফোর্ডের।

Advertisement

ডালাসে প্রথমার্ধেই হয় চার গোল। দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়ে ক্রোয়েশিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের আগ্রাসী ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি তারা। আট মিনিটের মাথায় লুকা মদ্রিচ বক্সে ফাউল করেন নোনি মাদুয়েকেকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কেনের প্রয়াস ক্রোয়েশিয়া গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ বাঁচিয়েও দেন। তবে সেই প্রয়াস বাতিল হয়ে যায়। কারণ কেন শট মারার আগেই লিভাকোভিচ গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। দ্বিতীয় প্রয়াসে কেন গোল করতে ভুল করেননি।

এর পর খেলায় ইংল্যান্ডের দাপট ক্রমশ বাড়তে থাকে। বলের নিয়ন্ত্রণ থেকে গোল লক্ষ্য করে শট, সবেতেই তারা এগিয়ে ছিল। কিন্তু ক্রোয়েশিয়াও ছেড়ে কথা বলছিল না। থেকে থেকে আক্রমণে উঠছিল তারা। সেই আক্রমণ থেকেই দুরন্ত শটে গোল করেন মার্তিন বাতুরিনা। প্রথমে পেতার সুসিচ ধোঁকা দিয়ে মাটি ধরিয়েছিলেন জন স্টোনসকে। তাঁর নিখুঁত পাস পেয়ে বক্সের বাইরে থেকে মারা জোরালো শটে গোল করেন বাতুরিনা।

পাঁচ মিনিট পরে দ্বিতীয় গোল করেন কেন। ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান। এ ক্ষেত্রেও ক্রোয়েশিয়ার রক্ষণ দায়ী। কেন এমনিতেই এরিয়াল বলে শক্তিশালী। হেডও করেন দুর্দান্ত। তা হলে তাঁকে কর্নারের সময় ফাঁকা রেখে দেওয়া হল কেন ? ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ১০টি গোল করে ফেললেন কেন। যুগ্ম ভাবে শীর্ষে গ্যারি লিনেকারের সঙ্গে। এ বার সমতা ফেরাতে সময় নেয়নি ক্রোয়েশিয়া। চার মিনিট পরে ইভান পেরিসিচের পাস থেকে গোল করেন পেতার মুসা।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি পাল্টে যায় ইংল্যান্ডের খেলা। যে ইংল্যান্ড প্রথমার্ধে কিছুটা সতর্ক হয়ে খেলছিল, দ্বিতীয়ার্ধে তারাই আক্রমণের ঝড় বইয়ে দেয় ক্রোয়েশিয়ার অর্ধে। বিরতির দু’মিনিট পরে গোল করেন বেলিংহ্যাম। ডান প্রান্তে বল পেয়ে একাই টেনে নিয়ে গিয়ে লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি। ইংল্যান্ডের ওই আগ্রাসনের সামনে দিশা খুঁজে পায়নি ক্রোয়েশিয়া। তারা ক্রমশ কুঁকড়ে যেতে থাকে। আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়ত।

ইংল্যান্ডের ওই ঝড় দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে আবার পাল্টা আক্রমণ করতে থাকে ক্রোয়েশিয়া। কিন্তু নিজেদেরই ভুলে গোল পায়নি তারা। উল্টে বেঞ্চ থেকে নেমেই গোল করেন রাশফোর্ড। বুকায়ো সাকার পাসটিও ছিল অনবদ্য।

কেন যেখানে সাফল্য পেলেন, সেখানে মদ্রিচ একেবারেই নিষ্প্রভ। তাঁকে বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তুলে নিতে হল। বুধবারের প্রথম ম্যাচে বিশ্ব দেখেছে কী ভাবে ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিষ্প্রভ থেকেছেন। পরের ম্যাচে ৪০-এর মদ্রিচেরও একই অবস্থা হল। বয়স ছুঁয়েছে তাঁর খেলাকেও। আগের মতো দৌড়তে বা প্রতিপক্ষকে আটকাতে পারছেন না। রোনাল্ডোর মতো কি তাঁকেও পরিবর্ত হিসাবে খেলানোর সময় এসেছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement