টেলিভিশনে বিশ্বকাপ দেখার খরচ অনেক কম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারতের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কিনেছে জ়ি গোষ্ঠী। তাদের অ্যাপ জ়ি৫-এ খেলা দেখতে হলে খরচ করতে হচ্ছে মাসে ৭৯৯ টাকা। তা-ও সম্প্রচারের মানে খুশি নন ক্রীড়াপ্রেমীরা। ছবির মানও হাই ডেফিনেশন নয়। বিশ্বকাপের প্রথম দিন থেকেই বিরক্ত ক্রীড়াপ্রেমীরা। আবার অনেকে নামমাত্র খরচে দেখছেন বিশ্বকাপ।
ডিজিটাল মাধ্যমে রাতে খেলা দেখতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। বিপুল ডিজিট্যাল ট্রাফিকের কারণে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ডেস্কটপ ব্রাউজারে খেলা দেখেও শান্তি নেই। হঠাৎ হঠাৎ ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। বাফারিংয়ের সমস্যাও প্রবল। স্বাভাবিক ভাবেই লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের খেলা টানা দেখতে পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। পরিষেবা প্রদানকারী সংস্থার পরিকাঠামোগত কিছু সমস্যা এবং পাইরেসি রুখতে নেওয়া কঠোর ব্যবস্থার কারণে এই সমস্যা হচ্ছে। স্বাভাবিক ভাবেই ৭৯৯ টাকা খরচ করে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীদের একাংশ।
অধিকাংশ মানুষই যখন অ্যাপে সম্প্রচারের মান নিয়ে অভিযোগ করতে ব্যস্ত, তখন অনেকে আবার বিশ্বকাপ দেখছেন বিকল্প উপায়ে। ঝকঝকে হাই ডেফিনেশন ছবি-সহ খরচ মাসে ২৩ টাকা ৬০ পয়সা। বিকল্প উপায় একেবারেই বেআইনি বা অবৈধ নয়।
নতুন টেলিভিশন চ্যানেল সাবস্ক্রিপশন করে প্রায় নির্বিঘ্নে খেলা দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে নতুন দু’টি খেলার চ্যানেল নিয়ে এসেছে জ়ি গোষ্ঠীই। প্রচুর দর্শক টানার লক্ষ্যে দামও রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলে বিশ্বকাপের খেলা সম্প্রচার হচ্ছে। প্রথম চ্যানেলে হিন্দি এবং দ্বিতীয় চ্যানেলে ইংরেজি ধারাভাষ্যের ব্যবস্থা করা হয়েছে। ১৮ শতাংশ জিএসটি ধরলেও দাম নামমাত্র। ইউনাইট৮ স্পোর্টস ১ এইডি চ্যানেলের মূল্য ৯ টাকা। জিএসটি নিয়ে পড়ছে ১০ টাকা ৬২ পয়সা। ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি চ্যানেলের মূল দাম ১১ টাকা। জিএসটি নিয়ে ১২ টাকা ৯৮ পয়সা। দু’টি চ্যানেল মিলিয়েও মাসে খরচ ২৩ টাকা ৬০ পয়সা।
ভারতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ টালবাহানা হয়েছে। একাধিক সংস্থা ফিফার দাবি মেনে টাকা দিকে রাজি হয়নি। শেষ মুহূর্তে আসরে নেমে বাজিমাত করেছে জ়ি গোষ্ঠী। প্রথমে প্রচার করা হয়, জ়ি৫ অ্যাপে খেলা দেখা যাবে। ডিজিটাল স্বত্ব কেনার কথা ঘোষণা করা হয়। বহু ফুটবলপ্রেমী ঝুঁকি না নিয়ে অ্যাপ সাবস্ক্রিপশন করে নেন। পরে জ়ি গোষ্ঠী বিশ্বকাপ শুরুর দু’দিন আগে খেলার চ্যানেলগুলি প্রকাশ্যে নিয়ে আসেন। জানানো হয়, নতুন দু’টি চ্যানেলেও বিশ্বকাপ দেখা যাবে। স্বাভাবিক ভাবেই অ্যাপের জন্য ৭৯৯ টাকা খরচ করা মানুষেরা হতাশ। বিশ্বকাপের আগে জ়ি গোষ্ঠীর ডজ বুঝতে পারেননি তাঁরা। না হলে চায়ের খরচে তাঁরাও খেলা দেখতে পেতেন।