সমর্থকের ধাক্কায় মেসির পড়ে যাওয়ার মুহূর্ত। ছবি: রয়টার্স।
গত ডিসেম্বরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছিল, একই ঘটনা পুয়ের্তো রিকোয়। ক্যারিবিয়ান এই দ্বীপরাষ্ট্রে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার সামনে পড়লেন লিয়োনেল মেসি। তাঁর সঙ্গে ছবি তুলতে এবং ছুঁয়ে দেখতে একই সঙ্গে ছুটে এলেন তিন সমর্থক। তার মধ্যে একজনের ‘ট্যাকলে’ মাটিতে পড়ে গেলেন মেসি। যদিও চোট লাগেনি। কিন্তু তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মেসি এ ব্যাপারে মুখ খোলেননি।
বৃহস্পতিবার পুয়ের্তো রিকোয় ইকুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেন ভায়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। সেই ম্যাচের আগে মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। ফলে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। তা হয়েছে বৃহস্পতিবার।
নাটক শুরু হয় ৮৮ মিনিটে। মায়ামির গোলের পিছন থেকে এক সমর্থক ঢুকে পড়েন মাঠে। রদ্রিগো দি পলকে কাটিয়ে মেসির দিকে এগিয়ে যান। নিরাপত্তারক্ষী সেই সমর্থককে আটকালেও তত ক্ষণে আরও দু’জন মাঠে ঢুকে পড়েন। মেসির কাছে গিয়ে তাঁরা নিজস্বী তুলতে চান। মেসিও রাজি হন। তখনই এক সমর্থক মেসির কোমরে হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরতে চান। সেই সময় নিরাপত্তারক্ষী ওই সমর্থককে সরিয়ে নিতে যান। সমর্থক মেসিকে ছাড়েননি। ফলে ধাক্কায় মেসি নিজেও মাটিতে পড়ে যান।
যদিও মায়ামি তারকাকে খুব একটা উদ্বেগে দেখায়নি। তিনি নিষ্পৃহ মুখে উঠে দাঁড়ান। ওই দুই সমর্থককে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। ম্যাচও আবার শুরু হয়।
গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিয়োনেল মেসি। প্রথমেই আসেন কলকাতায়। যুবভারতীতে অনুষ্ঠান ছিল। প্রায় ৫০ হাজার দর্শক মাঠে হাজির হয়েছিলেন মেসিকে দেখবেন বলে। কিন্তু সে দিন মেসি মাঠে ঢোকা মাত্র তাঁকে ঘিরে ধরেন কয়েকশ মানুষ। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদের অধিকাংশই প্রভাবশালী। বিরক্ত হয়ে মেসি নির্দিষ্ট সময়ের অনেক আগেই যুবভারতী থেকে বেরিয়ে যান। যুবভারতীর গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। হতাশ ভক্তেরা এরপর মাঠে বোতল-চেয়ার ছোড়েন। মাঠে ঢুকে পড়েন। দর্শকদের সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। ঘটনার জল অনেক দূর গড়ায়।
বৃহস্পতিবারও প্রায় একই ঘটনা ঘটল। শেষে পড়েই গেলেন মেসি। এই ম্যাচের আগেও একপ্রস্থ বিতর্ক হয়। মায়ামি এই ম্যাচের জন্য কালো জার্সি নিয়ে এসেছিল। দেখা যায়, ইন্দিপেন্দিয়েন্তের জার্সির রংও কালো। ধন্দের জেরে ম্যাচ নির্ধারিত সময়ে শুরুই করা যায়নি। এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হলেও সমস্যা মেটেনি। দুই দলই কালো জার্সি পরে মাঠে নামে। দূর থেকে খেলোয়াড়দের আলাদা করে চেনাই যাচ্ছিল না।
কিছু দিন আগেই ঘরোয়া লিগে প্রথম ম্যাচ খেলেছে মায়ামি। তাই কোচ জেভিয়ার মাসচেরানো প্রথম একাদশে নামিয়েছিলেন সেই ম্যাচ না খেলা ফুটবলারদের। তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসি-সহ বাকি সব তারকাকেই এক সময়ে নামানো হবে। মেসিকে নামানো হয় বিরতির পর। শেষ পর্যন্ত মেসির পেনাল্টি থেকেই ২-১ গোলে জেতে মায়ামি।