FIFA World Cup 2026

ফিফার কাছে নালিশ ইরানের! বার বার বাধা বিশ্বকাপের প্রস্তুতিতে, আবেদন করেও ম্যাচের দু’দিন আগে আমেরিকায় যাওয়া হবে না

তাদের জাতীয় দলের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাতে একেবারেই খুশি নয় ইরান। তাদের দাবি, আমেরিকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময়ই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ফিফার কাছে সরকারি ভাবে নালিশ করল ইরান ফুটবল সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২৩:০৮
Share:

ইরান ফুটবল দল। ছবি: রয়টার্স।

তাদের জাতীয় দলের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাতে একেবারেই খুশি নয় ইরান। তাদের দাবি, ম্যাচের দিন এসে, ম্যাচ খেলেই মেক্সিকো ফিরে যাওয়ার যে নির্দেশ আমেরিকা দিয়েছে তাতে দলের প্রস্তুতি ব্যাপক বাধা পড়ছে। আমেরিকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময়ই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ফিফার কাছে সরকারি ভাবে নালিশ করল ইরান ফুটবল সংস্থা।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-২ ড্র করেছে ইরান। ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচ তাদের। সেটি হবে লস অ্যাঞ্জেলেসে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইরান অনুরোধ করেছিল ম্যাচের অন্তত দু’দিন আগে সেই শহরে যেতে। তা খারিজ করে দিয়েছে আমেরিকা। ফলে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে বলে মনে করছে ইরান।

দলের এক মুখপাত্র বলেছেন, “অনেক আগেই আমরা প্রস্তুতির সূচি পাঠিয়ে দিয়েছি। তার পরেও আয়োজক দেশ পদে পদে চরম অসহযোগিতা করছে। দলের পরিকল্পনায় বার বার বাধা দেওয়া হচ্ছে। আমরা লস অ্যাঞ্জেলেসে দুপুর ১২টার সময় খেলব। তাই ফুটবল সংস্থার তরফে আবেদন করা হয়েছিল দু’দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ফুটবলারদের সময় দরকার। ম্যাচের আগে অনুশীলন করে পরিকল্পনা সাজানোর দরকার ছিল। টেকনিক্যাল কারণ দেখানো হলেও আবার ইরানের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।”

Advertisement

ফিফার কাছে নালিশ করে ইরান জানিয়েছে, এই পরিস্থিতিতে ভাল খেলা তাদের পক্ষে সম্ভব নয়। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে আমেরিকার এই আচরণ যে ফিফাও পছন্দ করছে এমন নয়। সংস্থার এক কর্তা বলেছেন, “এই পরিস্থিতিতে কী ভাবে ইরানের পক্ষে ভাল খেলা সম্ভব? মেক্সিকো থেকে এসে কয়েক ঘণ্টার মধ্যে ওরা কী ভাবে ম্যাচ খেলতে পারে? সব দলকে সমান সুবিধা দেওয়া দরকার। ইরান তো যথেষ্ট প্রস্তুতির সময়ই পাচ্ছে না। এটা একেবারেই ঠিক নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement