FIFA World Cup 2026

ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা, তবে বিধিনিষেধ থাকছেই

ইরানকে নিয়ে অবশেষে অবস্থান কিছুটা বদল করল আমেরিকা। তারা জানিয়েছে, তৃতীয় ম্যাচের দু’দিন আগে আমেরিকার সিয়াটল শহরে প্রবেশ করতে পারবে ইরান। ওই শহরেই ইরান তৃতীয় ম্যাচ খেলবে মিশরের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১০:০৪
Share:

ইরান ফুটবল দল। ছবি: রয়টার্স।

ইরানকে নিয়ে অবশেষে অবস্থান কিছুটা বদল করল আমেরিকা। ইরানের কোচ এবং গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে তারা জানিয়েছে, তৃতীয় ম্যাচের দু’দিন আগে আমেরিকার সিয়াটল শহরে প্রবেশ করতে পারবে ইরান। ওই শহরেই ইরান তৃতীয় ম্যাচ খেলবে মিশরের সঙ্গে। তবে বাকি বিধিনিষেধ এখনও বহাল থাকছে।

Advertisement

ইরান প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠবে কি না, তা নির্ভর করছে মিশর ম্যাচের উপরেই। প্রস্তুতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইরানের তরফে অনুরোধ করা হয়েছিল ম্যাচের অন্তত দু’দিন আগে সিয়াটলে যাওয়ার অনুমতি দেওয়ার। সেই অনুমতি পাওয়া গিয়েছে।

মঙ্গলবার রাতের দিকে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, ম্যাচের দু’দিন আগে ইরান যেতে পারবে সিয়াটলে। ফলে বুধবারই ইরান রওনা দেবে বলে জানা গিয়েছে। এক মুখপাত্র বলেছেন, “এটা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। যদি দেখতাম প্রথম দু’বার সব কিছু ঠিকঠাক গিয়েছে, তা হলে তৃতীয় বারের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেওয়া হত। সেটাই মানা হয়েছে। লম্বা বিমানযাত্রার কারণে ইরানকে আগে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

Advertisement

আগের দু’টি ম্যাচে মেক্সিকোর তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে দিনের দিন গিয়ে ম্যাচ খেলে ফিরে আসতে হয়েছিল ইরানকে। দ্বিতীয় ম্যাচের পর ইরানের কোচ আমির ঘালেনোই বলেছিলেন, “আমরা বেশি কিছু চাই না। বাকি ৪৭টা দলের ক্ষেত্রে যে নিয়ম মানা হচ্ছে সেটাই আমাদের ক্ষেত্রে মানা হোক। আশা করি যারা এ সবের দায়িত্বে রয়েছে তারা বিষয়টি দেখছে।”

ইরান দু’ম্যাচে দু’পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে নকআউটের রাস্তা খুলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement