FIFA World Cup 2026

বিশ্বকাপে প্রথম বার মুখোমুখি হতে পারেন মেসি এবং রোনাল্ডো! তিন সম্ভাবনার একটি মিলে গেলেই দেখা যাবে মহারণ

বিশ্বকাপে এখনও পর্যন্ত কখনও মুখোমুখি হননি লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বিশ্বকাপে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তিনটি সম্ভাবনার একটি মিলে গেলেই রোনাল্ডো এবং মেসিকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দ্বৈরথে দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:৩৫
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

বিশ্বকাপে এখনও পর্যন্ত কখনও মুখোমুখি হননি লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ পর্তুগাল এবং আর্জেন্টিনা বিশ্বকাপে কখনও একে অপরের বিরুদ্ধে কখনও খেলেনি। তবে এই বিশ্বকাপে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তিনটি সম্ভাবনা রয়েছে, যার কোনও একটি মিলে গেলেই রোনাল্ডো এবং মেসিকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দ্বৈরথে দেখা যেতে পারে।

Advertisement

এক সময় স্পেনের লিগে নিয়মিত মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যেত। তবে শেষ বার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে ছ’বছর আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনাল্ডোর জুভেন্টাস। রোনাল্ডো ম্যাচে দু’টি গোলও করেছিলেন। দেশের জার্সিতেও প্রদর্শনী ম্যাচে খেলেছেন। সাম্প্রতিক দ্বৈরথ ২০২৩-এর অক্টোবরে। মেসির প্যারিস সঁ জরমঁ প্রদর্শনী ম্যাচ খেলেছিল রিয়াধের দলের বিরুদ্ধে। সেই ম্যাচে রোনাল্ডো দু’টি এবং মেসি একটি গোল করেছিলেন।

দু’জনের মুখোমুখি হওয়ার কোন কোন সম্ভাবনা রয়েছে বিশ্বকাপে?

Advertisement

সম্ভাবনা ১: যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) এবং পর্তুগাল (গ্রুপ কে) নিজেদের গ্রুপে জেতে তা হলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-এর ম্যাচ জেতে, তা হলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের।

সম্ভাবনা ২: যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দেশই গ্রুপে রানার্স-আপ হয়, তা হলে প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরও আগেই দেখা হতে পারে মেসি-রোনাল্ডোর। রাউন্ড অফ ১৬-এই দেখা হবে দুই দেশের। যদিও দু’দেশের গ্রুপের বাকি প্রতিপক্ষ যারা, তাতে এই পরিস্থিতি দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

সম্ভাবনা ৩: যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে কোনও একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপে রানার্স-আপ হয়, তা হলে দুই দেশ দুই অর্ধে চলে যাবে। সে ক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডোর দেখা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement