FIFA World Cup 2026

বিশ্বকাপ ফাইনালের আগে হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ! কলম্বিয়ার সঙ্গে ড্র করে অন্য দিকে চলে গেল পর্তুগাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পর্তুগাল গ্রুপের শেষ ম্যাচে ড্র করায় বদলে গেল সূচি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৩৪
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

সম্ভাবনা ছিল। কিন্তু হল না। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পর্তুগাল গ্রুপের শেষ ম্যাচে ড্র করায় বদলে গেল সূচি। অন্য দিকে চলে গেল পর্তুগাল। ফলে ফাইনালের আগে দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনা আর নেই।

Advertisement

গ্রুপ জে-র শীর্ষে থাকায় এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে উঠে গিয়েছে আর্জেন্টিনা। সেখানে তাদের মুখোমুখি কাবো ভার্দে। সেই ম্যাচ আর্জেন্টিনা জিতলে শেষ ষোলোয় তাদের সামনে অস্ট্রেলিয়া বনাম মিশর ম্যাচের জয়ী দল।

গ্রুপ কে-র শীর্ষে থাকলে সূচির সেই দিকেই থাকত পর্তুগাল। সে ক্ষেত্রে রাউন্ড অফ ৩২-এ তাদের সামনে পড়ত ঘানা। সেই ম্যাচ জিতলে শেষ ষোলোয় সুইৎজ়ারল্যান্ড বনাম তৃতীয় স্থানাধিকারী এক দলের ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামত পর্তুগাল। আর্জেন্টিনা ও পর্তুগাল নিজেদের শেষ ষোলোর ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন মেসি ও রোনাল্ডো।

Advertisement

কিন্তু গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করেছে পর্তুগাল। ফলে গ্রুপের শীর্ষে শেষ করেছে কলম্বিয়া। তারা চলে গিয়েছে আর্জেন্টিনার দিকে। অর্থাৎ, রাউন্ড অফ ৩২-এ তারা ঘানার মুখোমুখি। দ্বিতীয় স্থানে শেষ করায় পর্তুগাল চলে গিয়েছে অন্য দিকে। সেখানে রাউন্ড অফ ৩২-এ তারা মুখোমুখি ক্রোয়েশিয়ার। সেই ম্যাচ জিতলে শেষ ষোলোয় স্পেন বনাম অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে একটি দলের ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামবেন রোনাল্ডোরা। পর্তুগাল ও আর্জেন্টিনা নিজেদের সব ম্যাচ দিতে ফাইনালে উঠলে তবেই প্রথম বার বিশ্বকাপের মঞ্চে মেসি-রোনাল্ডোর দ্বৈরথ দেখা যাবে। তার আগে নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement