FIFA World Cup 2026

২০০৬ থেকে ২০২৬, নবীনতম থেকে প্রবীণতম! ২০ বছর পরেও বিশ্বকাপে আর্জেন্টিনার নায়ক সেই মেসিই

২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬। পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপে ১৬টি গোল করে ফেলেছেন তিনি। আর একটি গোল করলেই হয়ে যাবেন সর্বাধিক গোলদাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:০১
Share:

২০০৬ থেকে ২০২৬ সালের বিশ্বকাপ। ২০ বৃছর ধরে গোল করছেন লিয়োনেল মেসি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০ বছর ধরে গোলমেশিন তিনি। ২০ বছর থেকে তিনিই আর্জেন্টিনার নায়ক। ২০ বছর ধরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল করে চলেছেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার নবীনতম গোলদাতা ছিলেন তিনি। সেই মেসিই আর্জেন্টিনার প্রবীণতম গোলদাতা।

Advertisement

২০০৬ সালে প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মেসি। সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমেছিলেন। প্রথম ম্যাচেই গোল করেছিলেন। তখন মেসির বয়স মাত্র ১৮ বছর ৩৫৭ দিন। সে দিনও তারিখ ছিল ১৬ জুন। এত অল্প বয়সে বিশ্বকাপে আর্জেন্টিনার কোনও ফুটবলার গোল করেননি।

ঠিক ২০ বছর পর ২০২৬ সালের ১৬ জুন। আরও একটি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামলেন মেসি। প্রতিপক্ষ আলজেরিয়া। এ বার আর একটি গোল করলেন না তিনি। করলেন হ্যাটট্রিক। বিশ্বকাপে প্রথম বার। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে গোল করলেন তিনি। আরও এক বার মেসি দেখিয়ে দিলেন, তিনিই আর্জেন্টিনার নায়ক।

Advertisement

এই ২০ বছরে বদলে গিয়েছে অনেক কিছু। ২০০৬ সালে মেসি ছিলেন দলের নবীনতম সদস্য। পরের ২০ বছরে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলারের দৌড়ে দিয়োগে মারাদোনার সঙ্গে একই আসনে বসে পড়েছেন তিনি। মারাদোনার মতোই জিতেছেন বিশ্বকাপ। জিতেছেন কোপা আমেরিকা। এ বার নিজের দ্বিতীয় বিশ্বকাপ জিতে মারাদোনাকেও ছাপিয়ে যেতে চান লিয়ো।

বিশ্বকাপে গোলের নিরিখে মারাদোনাকে আগেই ছাপিয়ে গিয়েছেন মেসি। দেশের হয়ে ২০০ ম্যাচে ১২০ গোল করে ফেলেছেন তিনি। বিশ্বকাপে এখন তাঁর গোলের সংখ্যা ১৬। জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করলেই ক্লোজ়েকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়ে যাবেন তিনি। তার আগে আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়লেন মেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement