Finalissima Cancelled

খেলতে চেয়েছিলেন মেসি, তবু যুদ্ধের জন্য ‘ফাইনালিসিমা’ বাতিল করল উয়েফা, আঙুল উঠছে আর্জেন্টিনার দিকেই

বাতিল হয়ে গেল ‘ফাইনালিসিমা’। আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। খোদ লিয়োনেল মেসি এই ম্যাচ খেলতে চেয়েছিলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে সেই ম্যাচ বাতিল করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:৫০
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) এবং লেমিনে ইয়ামাল। — ফাইল চিত্র।

বাতিল হয়ে গেল ‘ফাইনালিসিমা’। কোপা আমেরিকা বিজয়ী বনাম ইউরো কাপ বিজয়ী দলের মধ্যে এই ম্যাচ হয়। সেই হিসাবে আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। খোদ লিয়োনেল মেসি এই ম্যাচ খেলতে চেয়েছিলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে সেই ম্যাচ বাতিল করা হয়েছে। আর্জেন্টিনার দিকেই অভিযোগের আঙুল উঠছে।

Advertisement

এই ম্যাচে মুখোমুখি হতে পারতেন লিয়োনেল মেসি এবং লেমিনে ইয়ামাল। কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ হওয়ার কথা ছিল ম্যাচ। তবে আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশেই এখন অশান্ত পরিস্থিতি। তাই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, কাতারের আয়োজক কমিটির সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘ফাইনালিসিমা’ আয়োজন করা মুশকিল। তাই ম্যাচটি বাতিল করতে হচ্ছে।

Advertisement

জল্পনা ছড়িয়েছিল যে, মেসির আপত্তিতেই নাকি ম্যাচটি বাতিল হয়েছে। তবে লাতিন আমেরিকার সংবাদমাধ্যমে ব্যাপারটি উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, মেসি নিজেই এই ম্যাচটি খেলতে প্রচণ্ড আগ্রহী ছিলেন। বিশ্বকাপের আগে সঠিক মানের প্রস্তুতি এবং নিজের ৪৯তম ট্রফি জয়ের লক্ষ্য ছিল তাঁর। ম্যাচটি বাতিল হওয়ায় অখুশি তিনি।

উয়েফা দায় ঠেলেছে আর্জেন্টিনার দিকেই। তাদের দাবি, দু’টি বিকল্প প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা ফুটবল সংস্থা মানতে চায়নি। উয়েফার প্রস্তাব ছিল, মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবিউ স্টেডিয়ামে ম্যাচটি হবে, যেখানে দুই দেশেরই ৫০ শতাংশ করে দর্শক থাকবেন। কিন্তু আর্জেন্টিনা রাজি হয়নি।

দ্বিতীয় প্রস্তাব ছিল দুই পর্বে ‘ফাইনালিসিমা’ আয়োজন করার। প্রথমটি হত ২৭ মার্চ বের্নাবিউতে। দ্বিতীয়টি হত ২০২৮-এর ইউরো এবং কোপা আমেরিকার আগে কোনও একটি আন্তর্জাতিক উইন্ডোতে। সেটিও খারিজ করে দিয়েছে আর্জেন্টিনা। এমনকি নিরপেক্ষ কেন্দ্রে খেলার প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা রাজি হয়নি। আর্জেন্টিনা চেয়েছিল বিশ্বকাপের পর ম্যাচটি খেলতে। কিন্তু স্পেনের সূচি ঠাসা থাকায় তা সম্ভব হয়নি। আর্জেন্টিনা এ-ও চেয়েছিল, ম্যাচটি ৩১ মার্চ খেলতে। তাতে রাজি হয়নি উয়েফা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement