ট্রফি নিয়ে উচ্ছ্বাস সিটির ফুটবলারদের। ছবি: রয়টার্স।
চলতি মরসুমে দ্বিতীয় ঘরোয়া খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার এফএ কাপ ফাইনালে তারা ১-০ হারিয়ে দিল চেলসিকে। ৭২ মিনিটে ম্যাচের একমাত্র গোল আঁতোয়া সেমেনিয়োর। এ দিকে, হ্যারি কেনের হ্যাটট্রিকে ঘরোয়া লিগ বুন্দেশলিগা জিতল বায়ার্ন মিউনিখ। রবার্ট লেয়নডস্কি এ দিনই জানিয়ে দিলেন, মরসুম শেষ হলেই তিনি বার্সেলোনা ছাড়ছেন।
আর্লিং হালান্ডের পাস থেকে চলতি বলেই ব্যাক হিল করে চেলসির গোলকিপার রবার্ট স্যাঞ্চেজ়কে পরাস্ত করেন সেমেনিয়ো। ওই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দেয়। প্রথম ২০ মিনিট বাদে এমনিতেই ম্যাচ দেখে বিরক্তির উদ্রেক হয়েছিল দর্শকদের। সেই বিরক্তি কাটিয়ে দেন ঘানার স্ট্রাইকার। শুরুর দিকে রায়ান চেরকির শট দারুণ ভাবে বাঁচান স্যাঞ্চেজ়। সতীর্থ ম্যাথেউস নুনেসের শট পোস্টে লাগে।
বুন্দেশলিগায় কোলনের বিরুদ্ধে খেলতে নেমেছিল বায়ার্ন। হ্যারির হ্যাটট্রিকে ৫-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল তারা। ১০ মিনিটে হ্যারি প্রথম গোল করেন। এর পর ফ্রিকিক থেকে ব্যবধান বাড়ান। ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। মরসুমে ৩৬টি গোল হয়ে গেল তাঁর। বুন্দেশলিগায় ৯৪টি ম্যাচে ৯৮টি গোল হল। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে প্রথম তিন মরসুমে সর্বোচ্চ গোলদাতার ট্রফি জিতলেন।
কিছু দিন আগেই লা লিগা জিতেছে বার্সেলোনা। শনিবার লেয়নডস্কি জানালেন, আর স্পেনের ক্লাবে থাকছেন না। বার্সেলোনার হয়ে তিন বার লা লিগা জিতেছেন তিনি। সৌদি আরব, ইটালি এবং আমেরিকা থেকে প্রস্তাব আছে তাঁর কাছে। বার্সেলোনার হয়ে ১১৯টি গোল করেছেন তিনি। তবে দলকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে পারেননি।