AFC Asian Cup Qualifiers

ভারতের হয়ে অভিষেক ম্যাচেই গোল রায়ানের, নিয়মরক্ষার ম্যাচে হংকংকে হারিয়ে সম্মানরক্ষা

১০ বছর পর কোচিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেল ভারত। এই জয়ে অবশ্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পাওয়া গেল না। গ্রুপ থেকেই বিদায় নিল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২১:০৫
Share:

রায়ান উইলিয়ামস। ছবি: এক্স।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে প্রথম জয় পেল ভারত। মঙ্গলবার কোচিতে নিয়মরক্ষার ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে গুরপ্রীত সিংহ সান্ধুরা জয় পেলেন ২-১ ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে এই জয় কিছুটা হলেও সম্মান রক্ষা করল ভারতের।

Advertisement

গ্রুপের প্রথম পাঁচটি ম্যাচের দু’টি ড্র করে ভারত। হেরে যায় তিনটি ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপে সকলের শেষে ছিল ভারতীয় দল। বাংলাদেশের কাছেও হারতে হয়েছে খালিদ জামিলের দলকে। এ দিন ভারতের হয়ে অভিষেক হল রায়ান উইলিয়ামসের। ভারতের জয়ের প্রধান কারিগরও তিনি। ফিফার ছাড়পত্র না আসায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন নাগরিক। গত কয়েকটি ম্যাচে ভারতের আক্রমণ ভাগে যে দুর্বলতা দেখা গিয়েছে, তা রায়ানের উপস্থিতিতে এ দিন কিছুটা ঢাকা গিয়েছে। নিজে গোল করেছেন এবং একাধিক সুযোগ তৈরি করেছেন।

১০ বছর পর কোচিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেল ভারত। এই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র অবশ্য পাওয়া গেল না। এ দিন গোটা ম্যাচেই আগ্রাসী ফুটবল খেলেছেন ভারতীয়রা। ম্যাচের ৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ামস। ডান দিক থেকে মনবীরের ক্রসে পা ছুঁইয়ে গোল করেন রায়ান। প্রথমার্ধে এই গোলেই এগিয়ে ছিল ভারত। প্রথম ৪৫ মিনিটের বাকি সময় গোলের একাধিক সুযোগ নষ্ট করেছে দু’দলই। ভারতের পক্ষে দ্বিতীয় গোল ৫০ মিনিটে আকাশ মিশ্রের। বক্সের মধ্যে প্রায় ফাঁকায় গোল পেয়ে গোল করতে ভুল করেননি আকাশ। খেলার গতির বিপরীতে ৬৫ মিনিটে ব্যবধান কমায় হংকং। ভারতীয় রক্ষণের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন এভার্টন।

Advertisement

ব্যবধান কমানোর পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল হংকং। কিন্তু লাভ হয়নি। দীর্ঘ দিন পর জয়ের পরেও গ্রুপে সকলের নীচে শেষ করল ভারত। বাংলাদেশও খালিদ জামিলের দলের উপরে থাকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement