FIFA World Cup 2026

বিশ্বকাপে চেকিয়াকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা, টিকে থাকল দুই দলই, দ্বিতীয়ার্ধে নজর কাড়ল মোকোয়েনাদের দুরন্ত ফুটবল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দেশই। সেই দক্ষিণ আফ্রিকা এবং চেকিয়া মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার। দুই দলের ম্যাচ ১-১ অমীমাংসিত অবস্থায় শেষ হল। ফলে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে এগিয়ে থাকল না কেউই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২৩:৩২
Share:

গোলের পর মোকোয়েনার উল্লাস। ছবি: রয়টার্স।

চেকিয়া ১ (সাদিলেক)
দক্ষিণ আফ্রিকা ১ (মোকোয়েনা)

Advertisement

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দেশই। সেই দক্ষিণ আফ্রিকা এবং চেকিয়া মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার। দুই দলের ম্যাচ ১-১ অমীমাংসিত অবস্থায় শেষ হল। ফলে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে এগিয়ে থাকল না কেউই। প্রথমার্ধে জমাটি ফুটবল দেখা না গেলেও, দ্বিতীয়ার্ধে মন জয় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার খেলা।

ম্যাচের শুরু থেকে চেকিয়া অনেক আত্মবিশ্বাসী হয়ে নেমেছিল। তুলনায় দক্ষিণ আফ্রিকার মধ্যে কিছুটা সাবধানি ভাব লক্ষ করা গিয়েছে। যোগ্য দল হিসাবেই ছ’মিনিটে এগিয়ে যায় চেকিয়া। লম্বা থ্রো থেকে বল পেয়েছিলেন আলেকজান্ডার সোজকা। তাঁর থেকে বল পেয়ে গোল করেন মিকাল সাদিলেক।

Advertisement

গোলের পর বেশ কিছু ক্ষণ চাপ বজায় রেখেছিল চেকিয়া। দ্বিতীয় গোল তুলে নিতে পারত তারা। কিন্তু সেই বাড়তি তাগিদ দেখা যায়নি তাদের খেলায়। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দক্ষিণ আফ্রিকাকেও জিততে হত। কিন্তু তাদের খেলাতেও এমন কিছু দেখা যায়নি যাতে মনে হয়েছে জিততে পারে। চেকিয়ার পায়ে বলের নিয়ন্ত্রণ ছিল বেশি। দক্ষিণ আফ্রিকা প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। কিন্তু সুযোগ তৈরি করার ব্যাপারে দুই দলই ছিল সমান জায়গায়। ফলে খুব একটা আকর্ষণীয় ফুটবল দেখা যায়নি।

দ্বিতীয়ার্ধে বদলে যায় দক্ষিণ আফ্রিকার খেলা। অনেক বেশি আক্রমণে উঠতে থাকে তারা। শুরুর দিকে তাল মেলাতে পারেনি চেকিয়া। সে সময় কয়েকটি সুযোগ তৈরি করেও দক্ষিণ আফ্রিকা সাফল্য পায়নি। পাশাপাশি, যে চেকিয়া প্রথমার্ধে দাপট দেখাচ্ছিল তারাই এক সময় পিছু হটে দক্ষিণ আফ্রিকার আগ্রাসনের সামনে।

শেষ মুহূর্তে আক্রমণ আরও বাড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। আর তখনই চলে আসে সুযোগ। বক্সের মধ্যে পাভেল সুলচের হাতে বল লাগে। পেনাল্টি থেকে তেবোহো মোকোয়েনা গোল করতে ভুল করেননি।

যে হেতু তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে, তাই এই ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া দুই দলের কাছেই সুযোগ থাকছে। বাকিটা নির্ভর করছে তৃতীয় ম্যাচের উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement