FIH Pro League

হকিতে ৭ গোলের ম‍্যাচে পাকিস্তানকে হারাল ভারত, টানা ১৮ ম্যাচ অপরাজিত হরমনপ্রীতেরা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয়

গত ১০ বছরে টানা ১৮টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রইল ভারতীয় হকি দল। মঙ্গলবার প্রো লিগের ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত সিংহের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২২:১২
Share:

হরমনপ্রীত সিংহ। ছবি: হকি ইন্ডিয়া।

হকিতে পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় ভারতের। এফআইএইচ প্রো লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে ৪-৩ গোলে জিতলেন হরমনপ্রীত সিংহেরা। এই নিয়ে গত ১০ বছরে টানা ১৮টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রইল ভারতীয় দল। ১৮টি ম্যাচের মধ্যে ১৬টি জিতেছে ভারত। ড্র দু’টি।

Advertisement

মঙ্গলবার লন্ডনে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল গত দু’টি অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের। যদিও প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। খেলার গতির বিপরীতে ৭ মিনিটে পাকিস্তানের হয়ে গোল করেন আহমেদ নাদিম। গোল শোধের সুযোগ ছিল ভারতের কাছেও। প্রথম কোয়ার্টারের শেষে পেনাল্টি কর্নার পায় ভারতও। কিন্তু হরমনপ্রীতের শট আটকে দেন পাক গোলরক্ষক আলি রাজ়া।

পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁজ অনেকটা বাড়িয়ে দেয় ভারতীয় দল। সুফলও পান হরমনপ্রীতেরা। পর পর ৪ গোল করেন ভারতীয় খেলোয়াড়েরা। তবে প্রথম সাতটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। লড়াই হয়েছে মূলত পাকিস্তানের রক্ষণের সঙ্গে ভারতের ফরোয়ার্ডদের। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২২ মিনিটে সমতায় ফেরায় ভারত। দিলপ্রীত সিংহের শট পাকিস্তানের এক ডিফেন্ডার ক্লিয়ার করলেও বল পেয়ে যান অভিষেক নায়ার। তাঁর শট চেষ্টা করেও আটকাতে পারেননি রাজ়া। ঠিক ২ মিনিট পরই ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন নীলকান্ত শর্মা। ‘ডি’-র বাইরে থেকে নেওয়া তাঁর শট এক পাক ডিফেন্ডারের স্টিকে লেগে গোলে ঢুকে যায়। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

Advertisement

তৃতীয় কোয়ার্টারে ম্যাচেক ৩৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে পাকিস্তান। ওয়াহিদ আশরফ রানা মাঝ মাঠ থেকে বল নিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়েন ভারতের ‘ডি’-র মধ্যে। আটকে দেন ভারতের গোলরক্ষক। ৪১ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। গোলের দিকে পিছন করে বল পান সুখজিৎ সিংহ। চকিতে ঘুরে দুর্দান্ত ফ্লিকে গোল করেন তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও আগ্রাসী হকি থেকে সরেনি ভারতীয় দল। ব্যবধান কমাতে মরিয়া পাকিস্তান পেনাল্টি কর্নার পেলেও লাভ হয়নি। চতু্র্থ কোয়ার্টারে ম্যাচের ৫২ মিনিটে ভারতের চতুর্থ গোলটি করেন রাজিন্দর সিংহ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ভারতীয় দলের খেলায় কিছুটা শিথিলতা তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমাতে শুরু করে পাকিস্তান। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের দ্বিতীয় গোল করেন আবু বাকের। খেলা শেষ হওয়ার পর ১০ সেকেন্ড আগে তৃতীয় গোল পাকিস্তানের। ভারতীয় ডিফেন্ডারেরা পেনাল্টি কর্নার বাঁচিয়ে দিলেও ফিরতি বল ধরে গোল করেন পাকিস্তানের মইন শাকিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement