ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।
ইন্ডিয়ান ওয়েলস ওপেন চ্যাম্পিয়ন হয়ে রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচের কীর্তি ছুঁয়ে তাঁদেরই রেকর্ড ভেঙে দিলেন ইয়ানিক সিনার। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে হার্ড কোর্টে সুপার সেট জিতলেন। রবিবার ফাইনালে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম বার ইন্ডিয়ান ওয়েলস ওপেনের খেতাব জিতেছেন সিনার। এই জয়ের সুবাদেই নজির গড়েছেন তিনি। ম্যাচের ফল বিশ্বের দ্বিতীয় বাছাইয়ের পক্ষে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪)।
২৪ বছর বয়সেই সিনার অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এটিপি ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন, প্যারিস ওপেন এবং কানাডিয়ান ওপেন জিতলেন। পেশাদার টেনিসে হার্ড কোর্টে যতগুলি বড় প্রতিযোগিতা হয়, সবগুলিই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। সিনার ছাড়া হার্ড কোর্টে সুপার সেট জয়ের কৃতিত্ব আর দু’জনের রয়েছে। তাঁরা হলেন ফেডেরার এবং জোকোভিচ। ফেডেরার ৩০ বছর বয়সে এবং জোকোভিচ ৩১ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সিনার ২৪ বছর বয়সেই তাঁদের কীর্তি স্পর্শ করলেন এবং নতুন রেকর্ড গড়লেন।
এক সঙ্গে ফেডেরার এবং জোকোভিচের কীর্তি স্পর্শ করে উচ্ছ্বসিত সিনার। তিনি বলেছেন, ‘‘আমি খুব খুশি। দুর্দান্ত একটা সপ্তাহ কাটালাম। প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগেই চলে এসেছিলাম। কারণ আগে ইন্ডিয়ান ওয়েলস জিততে পারিনি। তাই কয়েক দিন আগে এসে সবচেয়ে ভাল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম পেশাদার হিসাবে। তাই এই ট্রফিটা আমার কাছে অনেক কিছু।’’
এমন কৃতিত্ব রয়েছে আন্দ্রে আগাসিরও। তবে তাঁর খেলোয়াড়জীবনে হার্ড কোর্টে এতগুলি বড় প্রতিযোগিতা হত না। আগাসির ঝুলিতে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ট্যুর ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন এবং মাদ্রিদ ওপেন খেতাব। আগাসি নিজের সময় হার্ড কোর্টে প্রতিটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও তাঁর খেতাবের সংখ্যা কম।