পোষ্যকে নিয়ে যাওয়ার আগে জানুন নিয়ম কানুন। ছবি: এআই সহায়তায় প্রণীত।
পোষ্য শুধু চারপেয়ে জীব নয়, তাকে পরিবারেরও সদস্য বলেই মনে করেন অভিভাবকেরা। অনেকেই চান দূর যাত্রায় সঙ্গী হোক সেও। পোষা সারমেয়কে নিয়ে ব্যক্তিগত গাড়িতে সফর করাই যায়। তাদের সঙ্গে নিয়ে ট্রেন সফরের বেশ কিছু সুবিধা দেয় ভারতীয় রেল। তবে তার জন্য রয়েছে বিশেষ নিয়ম। কাটতে হয় টিকিটও। কিন্তু আর পাঁচটা দূরপাল্লার ট্রেনের চেয়ে সেমি হাইস্পিড বন্দে ভারত স্লিপার ট্রেনে পোষ্য নিয়ে যাওয়ার নিয়ম খানিক আলাদা। দরকার হয় পোষ্যের নথির। অনলাইন নয়, সশরীরের কাউন্টারে গিয়ে পোষ্যের জন্য বাক্স বুকিং করতে হয়। জেনে নিন বন্দে ভারতে পোষ্য নিয়ে যাওয়ার খুঁটিনাটি।
পোষ্যের বাক্স
বন্দে ভারত স্লিপার ক্লাসে সারমেয়র মতো পোষ্য নিয়ে যাওয়ার কিছু নিয়ম রয়েছে। ট্রেনের তরফে ব্যবস্থা করা হবে বিশেষ ধাতব বক্সের। যাত্রী নিজের সঙ্গে পোষ্যকে রাখতে পারবেন না, তাকে রাখতে হবে সেই ধাতব বাক্সে যাকে বলা হচ্ছে পোষ্যের বাক্স। বাক্সটি থাকবে ইঞ্জিনের কামরার পাশে, ট্রেনের দুই প্রান্তে।
কী ভাবে বুক করতে হবে
কোনও কোনও ট্রেনে প্রথম শ্রেণির কোচ বুক করে পোষ্যকে নিয়ে যেতে হয়। তবে এই ক্ষেত্রে তেমন কোনও সুযোগ নেই। অনলাইনে পোষ্যের টিকিট কাটার ব্যবস্থা নেই। পোষ্যের বাক্সের জন্য সশরীরে যেতে হবে রেলের পার্সেল বা লাগেজ বুকিং অফিসে। বুকিং করতে হবে আগাম। ট্রেন ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে পোষ্যকে নিয়ে পৌঁছোতে হবে।
কাদের জন্য সুবিধা প্রযোজ্য
যে যাত্রী পোষ্যকে নিয়ে যাচ্ছেন তাঁর কনফার্ম টিকিট থাকা জরুরি। আরএসি বা ওয়েটিংলিস্ট-এ নাম থাকলে যাত্রীরা সেই সুবিধা পাবেন না।
কী কী নথি লাগবে
পোষ্যটি যে অনায়াসে ২৪-৪৮ ঘণ্টা ট্রেনে যেতে পারবে, সেই ব্যাপারে পশুরোগ চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন। পোষ্যের টিকাকরণের নথিও দেখাতে হবে এবং সেটি সঙ্গে রাখা জরুরি। সংশ্লিষ্ট নথি ছাড়া পোষ্যের জন্য বাক্স বুকিং করা যাবে না।
আর কোন বিষয় মাথায় রাখা জরুরি
একটি পিএনআর পিছু একটি পোষ্যকেই নিয়ে যাওয়া যাবে। পোষ্যের ওজনের উপর নির্ভর করবে খরচ। একবার বুকিং করলে, টিকিট বাতিল করলেও টাকা ফেরত পাওয়া যাবে না। তবে সব বন্দে ভারত স্লিপার ট্রেনে এই সুবিধা না-ও মিলতে পারে। কোনটিতে পাওয়া যাবে রেলকর্মীদের সঙ্গে আগে থেকে জেনে নেওয়া ভাল।