Viral Video

সত্যিই তোতলাতেন কেতন? ঝরঝরে ইংরেজিতে অনর্গল কথা বলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সিয়ার দাবি নিয়ে বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় কেতনকে না থেমে অনর্গল কথা বলতে দেখা গিয়েছে। দাবি, কেতন-সিয়ার বিয়ের প্রস্তুতির মাঝে ভিডিয়োটি তোলা হয়েছিল। মুম্বইয়ের একটি ওয়েডিং ও ইভেন্ট প্ল্যানার সংস্থার প্রচারমূলক ক্লিপ হিসাবে প্রকাশিত হয়েছিল ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

কেতন অগ্রবালের মাথায় ছিল টাক। সেই টাক ঢাকতে পরতেন পরচুলা। এমনকি কথা বলতে গেলে কথা আটকে যেত তাঁর। পুণের ব্যবসায়ীপুত্র হত্যাকাণ্ডে ধৃত বাগ্‌দত্তা সিয়া গোয়লের দাবি ছিল এমনটাই। হবু স্বামীর এই খুঁতের কারণে তাঁকে বিয়ে করতে নারাজ ছিলেন সিয়া। পরিবারের কাছে মত প্রকাশ করার মতো সাহস তাঁর ছিল না। কেতন যে তোতলা ছিলেন সিয়ার এই দাবি নিয়ে উঠছে ধোঁয়াশা। কারণ সম্প্রতি এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে কেতনকে ঝরঝরে ইংরেজিতে কথা বলতে শোনা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো কেতনকে না থেমে অনর্গল কথা বলতে দেখা গিয়েছে। ভিডিয়োটি কেতন-সিয়ার বিয়ের প্রস্তুতির মাঝে তোলা হয়েছিল বলে দাবি। মুম্বইয়ের একটি ওয়েডিং ও ইভেন্ট প্ল্যানার সংস্থার প্রচারমূলক ক্লিপ হিসাবে প্রকাশিত হয়েছিল এই ভিডিয়ো। পরে তা ভাইরাল হয়ে যায়। ভবিষ্যতে যে বিয়ে আর সম্পন্নই হবে না সেই প্রাক্‌-বিবাহের প্রস্তুতি অনুষ্ঠানে কেতনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা গত চার মাস ধরে এই বিয়ের পরিকল্পনা করছি। প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে ছিল সংস্থাটি।’’ প্রতিটি সৃজনশীল কাজ, প্রতিটি নতুন এবং অনন্য জিনিসের জন্য তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটিকে ধন্যবাদও দিয়েছেন ওই ভিডিয়োয়। প্রচারমূলক ভিডিয়োটির শেষের দিকে কেতন বলেন, “এটি সেরা ইভেন্ট টিম। আপনি চাইলেই এদের সঙ্গে যোগাযোগ পারেন।”

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘আনফোল্ডিংভারত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সিয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। নেটাগরিকদের অনেকেই মনে করছেন ভিডিয়োটি কেতন হত্যা রহস্যে নয়া মোড় আনতে চলেছে। কারণ, পুলিশ সূত্রে খবর, সিয়া তাদের জানিয়েছিলেন, তিনি কেতনকে বিয়ে করতে চাননি, কারণ কেতনের কথা বলায় জড়তা ছিল এবং তিনি পরচুলা ব্যবহার করতেন। যদিও তদন্তকারীদের মতে শুধুমাত্র পরচুলার জন্য বা তোতলামির জন্য কেতনকে খুন হতে হয়েছে, এই তত্ত্ব খুব একটা গ্রহণযোগ্য নয়। তবে এই বিষয়টিকেও খুনের কারণ হিসাবে দেখা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement