ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পকেট গড়ের মাঠ। ওই অবস্থাতে গোটা একটা দিন কাটানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন ব্রিটিশ তরুণ ও বিষয়স্রষ্টা। একটি পয়সাও খরচ না করে পুরো একটি দিন কাটানোর একটি চ্যালেঞ্জ শুরু করেন। তিনি পঞ্জাবের অমৃতসরের একটি কাপড়ের দোকানে ঢুকে দোকানদারকে সরাসরি বলে দেন যে তাঁর কাছে কোনও টাকা নেই। তাঁর কথা শুনে দোকানদার এমন আচরণ করেন যা সারা জীবন মনে রাখবেন হ্যারি জ্যাগার্ড নামের ওই তরুণ। তাঁর সেই অভিজ্ঞতার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কাপড়ের দোকানে ঢুকে বিদেশি তরুণ জানাচ্ছেন যে তাঁর কাছে কোনও টাকাপয়সা নেই। হ্যারির চ্যালেঞ্জ ছিল কপর্দকশূন্য হয়ে গোটা একটা দিন তিনি অমৃতসরে কী ভাবে কাটাবেন। বিদেশি পর্যটকের কথা শুনে অল্পবয়সি এক তরুণ হেসে বললেন, ‘‘ঠিক আছে, কোনও চিন্তা নেই, আপনি তো ভারতেই আছেন।’’ এ ভাবেই বিশেষ সাক্ষাতের শুরু হয়েছিল। দোকানমালিক তরুণ হ্যারিকে চলে যেতে না বলে তাঁকে দোকান ঘুরিয়ে দেখান। তার পর তাঁরা দোকানের ছাদে দাঁড়িয়ে চা-বিস্কুট খান। তার পর দোকানে বসেই গরম গরম কুলচা ও ছোলা খেতে দেওয়া হয় তরুণকে। আতিথেয়তা এখানেই শেষ হয়নি। হ্যারি যখন চলে যাচ্ছিলেন, তখন বিক্রেতা তরুণ তাঁর গলায় একটি ঐতিহ্যবাহী স্কার্ফ পরিয়ে দিয়ে বিদায় জানান।
ভিডিয়োটি হ্যারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভারতীয়দের আতিথেয়তা নিয়ে প্রশংসায় ভরে উঠেছে নেটপাড়া। বিশ্ব জুড়ে সমাজমাধ্যম ব্যবহারকারীরা দোকানের মালিকের উদারতা এবং ভারতীয় সংস্কৃতির প্রশংসা করছেন। অনেকেই বলেছেন, ভিডিয়োটি ভারতের ‘অতিথি দেবো ভব’ চেতনাকে সুন্দর ভাবে তুলে ধরেছে।