viral video

আবর্জনা ভর্তি গর্তে আটকে ছটফট, উদ্ধারকারীদের দিকেই তেড়ে গেল ভালুক! বিশেষ কায়দায় উদ্ধারের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেগের একটি গ্রামের গভীর আবর্জনার গর্তে একটি মাঝারি আকারের ভালুক পড়ে গিয়েছে। গর্তের পাঁচিলের গা মসৃণ হওয়ায় সেটি বেরিয়ে আসতে পারছিল না। ভালুকটিকে ছটফট করতে দেখে গ্রামের বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১০:১৪
Share:

ছবি: সংগৃহীত।

চার মিটার গভীর আবর্জনার গর্তে পড়েছিল এক ভালুক। শত চেষ্টাতেও উঁচু পাঁচিল বেয়ে বেরোতে পারছিল না হিংস্র প্রাণীটি। বন্য জন্তুটির এই দুরবস্থা দেখে এগিয়ে এলেন গ্রামবাসীরা। খবর গেল পুলিশে। উদ্ধার করতে গিয়ে ভালুকের ‘রণং দেহি’ মেজাজ দেখে পালিয়ে গেলেন পুলিশকর্মীরাও। দ্বিতীয় বারের চেষ্টায় নাটকীয় ভাবে উদ্ধার করা হল প্রাণীটিকে। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের দেগে কাউন্টির ঘটনা। উদ্ধার পর্বের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেগের একটি গ্রামের গভীর আবর্জনার গর্তের মধ্যে একটি মাঝারি আকারের ভালুক পড়ে গিয়েছে। গর্তের পাঁচিলের গা মসৃণ হওয়ায় সেটি বেরিয়ে আসতে পারছিল না। ভালুকটিকে ছটফট করতে দেখে গ্রামের বাসিন্দারা প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন, প্রাণীটি বার বার উপরে ওঠার চেষ্টা করলেও খাড়া ও মসৃণ দেওয়ালের কারণে পালাতে পারছিল না। গর্তটি গ্রামের মধ্যে থাকায় নিরাপত্তার জন্য পুলিশ দ্রুত নিকটবর্তী বাসিন্দাদের সরিয়ে দেয়।

উদ্ধারের সরঞ্জাম না থাকায়, উদ্ধারকারীরা বিকল্প সমাধান বার করেন। গ্রামবাসী ও পুলিশ কাঠের গুঁড়ি দিয়ে একটি মজবুত মই তৈরি করে সাবধানে সেটিকে গর্তের মধ্যে নামিয়ে দেন। ভীত ভালুকটি প্রথমে আতঙ্কে প্রতিক্রিয়া দেখিয়ে মইটি এক পাশে ফেলে দেয়। তেড়ে আসার চেষ্টা করে সেটি। ভালুকটিকে তেড়ে আসতে দেখে গাড়ি নিয়ে চম্পট দেন পুলিশকর্মীরা। পরে উদ্ধারকারী দলটি দ্বিতীয় মইটি আরও মজবুত করে তৈরি করেন। নিরাপদে সেটিকে গর্তে নামিয়ে চলে আসেন তাঁরা। সতর্ক ভঙ্গিতে মইটি পরীক্ষা করে নিয়ে প্রাণীটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অবশেষে লাফ দিয়ে বেরিয়ে এসে পাশের জঙ্গলে পালিয়ে যায়। উদ্ধারকারী দলের অনুমান ভালুকটি সম্ভবত খাবারের সন্ধানে ভুল করে গর্তটিতে ঢুকে পড়েছিল।

Advertisement

‘জ়িনহুয়াচাইনিজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু বার দেখা হয়েছে। জনবসতি এলাকায় ভালুকের হানা দেওয়ার ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। নেটাগরিকদের একাংশ মনে করছেন, বন্যপ্রাণীদের বাসস্থান সঙ্কুচিত হয়ে আসার ফলে এই জাতীয় ঘটনা ঘটছে। অরক্ষিত বর্জ্য এলাকা থাকলে তা বনের পশুদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে বলে মনে করছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement