ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
টলোমলো পা, গোল হয়ে রাস্তাতেই পাক খাচ্ছে চতুষ্পদ। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণভূমির প্রাণীটি। ঠিক যেন মদ্যপ। ফ্রান্সের রাস্তায় দেখা মিলেছে এমন মাতাল হরিণের। রাস্তার পাশের একটি তৃণভূমিতে এলোমেলো ভাবে দৌড়তে দেখা গিয়েছে প্রাণীটিকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় হরিণটিকে ঘাসের জমিতে বার বার ঘুরতে দেখা গিয়েছে। মাঝেমাঝেই ভারসাম্য হারিয়েছে বন্যপ্রাণীটি। মাটিতে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে হরিণটি। এর পর এটি পা ছড়িয়ে মাথা নাড়তে নাড়তে টলতে টলতে চলতে শুরু করে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গলে প্রাকৃতিক ভাবে গাঁজানো ফল খাওয়ার পর ‘মাতাল’ হয়ে যায় হরিণ। পথ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এই অবস্থায় হরিণ অস্বাভাবিক ও অপ্রত্যাশিত আচরণ প্রদর্শন করতে পারে। হঠাৎ রাস্তা পার হওয়া, এলোমেলো গতিবিধি, যানবাহনের সামনে স্থির হয়ে যাওয়া। আবার হঠাৎ আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে প্রাণীটি। বন্যপ্রাণীরা প্রায়শই অতিরিক্ত পাকা ফল, তাজা কুঁড়ি এবং পচা গাছপালা খেয়ে থাকে। প্রাকৃতিক ভাবে গেঁজে যাওয়া ফলে থাকা শর্করা ভেঙে ইথানলে পরিণত হয়। ফলে এক ধরনের প্রাকৃতিক মদ তৈরি হয়। এটি প্রাণীদের নেশাগ্রস্ত করতে সক্ষম।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন যানবাহন চালকদের বনভূমি বা গ্রামাঞ্চল দিয়ে যাতায়াতের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে। গাড়িচালকদের গতি কমাতে, রাস্তার পাশের গাছপালার কাছে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিয়োটি ওয়াশিংটন পোস্টের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু মানুষের নজর কেড়েছে। নেটাগরিকরা মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োয়। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, এত দিন মানুষকে নেশা করতে দেখেছি, বনের পশুরাই বাকি ছিল।