Viral Video

গোয়ায় প্যারাসেলিং করার সময় বিপত্তি, কেব্‌ল ছিঁড়ে আকাশ থেকে সমুদ্রে আছড়ে পড়লেন পর্যটক! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গোয়ার সমুদ্রে গিয়ে জলক্রীড়া করছেন এক পর্যটক। একটি ছোট স্পিডবোটে কেব্‌ল বেঁধে প্যারাশুটের মাধ্যমে প্যারাসেলিং করছেন তিনি। বোটের তীব্র গতিই তাঁকে আকাশে ভেসে থাকতে সাহায্য করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১০:৪১
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

গোয়ার সমুদ্রে জলক্রীড়া করার সময় বিপত্তি। প্যারাসেলিং করতে গিয়ে কেব্‌ল ছিঁড়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক পর্যটক। প্যারাশুট-সহ সোজা জলে গিয়ে পড়লেন তিনি। রবিবার ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোয়ার সমুদ্রে গিয়ে জলক্রীড়া করছেন এক পর্যটক। একটি ছোট স্পিডবোটে কেব্‌ল বেঁধে প্যারাশুটের মাধ্যমে প্যারাসেলিং করছেন তিনি। বোটের তীব্র গতিই তাঁকে আকাশে ভেসে থাকতে সাহায্য করছে। ঠিক সেই সময়ই ঘটে যায় বিপত্তি। যুবক যে কেব্‌লের সাহায্য বোটের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিলেন, সেটা হঠাৎ ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে সমুদ্রে পড়ে যান ওই পর্যটক। দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন বোটে থাকা তাঁর সঙ্গী। তবে প্যারাসুটের কারণে তিনি তুলনামূলক ভাবে ধীরে সমুদ্রে পড়েন। লাইফ জ্যাকেট পরে থাকার কারণে তিনি জলে ডুবে যাওয়ার হাত থেকেও রক্ষা পান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনিলচন্দেলা৮৩’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ৯০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পর্যটন বিভাগ ওই ঘটনা প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে বলে খবর। নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি প্রমাণিত হলে ওই প্যারাসেলিং সংস্থার লাইসেন্স বাতিল করে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisement

এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কেব্‌লের মান খুব খারাপ। আমার মনে হয় সরঞ্জামগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। গোয়ায় এর আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খুব ভয় পেলাম। আমি জীবনেও এই ধরনের জলক্রীড়া করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement