ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ফুটপাথ দিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিলেন এক বৃদ্ধা। হঠাৎ তাঁর পিছনে একটি হিউম্যানয়েড রোবট এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলেন বৃদ্ধা। রোবটকে বকাবকি করতেই হাত তুলে অদ্ভুত ভঙ্গি করতে শুরু করল রোবটটি। রোবটটির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। সেই অভিযোগের ভিত্তিতে রোবটটিকে ‘গ্রেফতার’ করে পুলিশ। সেখান থেকে রোবটটিকে নিয়ে গিয়ে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সাইবাররোবো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুটপাথে দাঁড়িয়ে একটি হিউম্যানয়েড রোবটকে দেখে চিৎকার-চেঁচামেচি করছেন এক বৃদ্ধা। ৭০ বছর বয়সি বৃদ্ধা চেঁচিয়ে বললেন, ‘‘তুমি কি পাগল! আমার তো হৃদ্কম্পন বেড়ে গেল। আর কোনও কাজ নেই তোমার? এ ভাবে জ্বালাতন করছ কেন?’’ বৃদ্ধার বকা শুনে দু’হাত তুলে নাচতে শুরু করে রোবটটি। এই দৃশ্য দেখতে চারপাশে ভিড় জমান পথচারীরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি চিনের ম্যাকাউয়ের পাটানে এলাকায় লক ইয়াং ফা ইয়েন আবাসনের সামনে ঘটেছে। ৭০ বছর বয়সি এক বৃদ্ধা ফোন ঘাঁটতে ঘাঁটতে ফুটপাথ ধরে আবাসনের সামনে দিয়ে যাচ্ছিলেন। জানা গিয়েছে, ৪ ফুট লম্বা রোবটটি ইউনিট্রি জি১ মডেলের। ৫০ বছর বয়সি এক ব্যক্তি শিক্ষামূলক উদ্দেশ্যে এই রোবটটি তৈরি করেছেন। স্থানীয় শিক্ষাকেন্দ্রের তরফে রোবটটিকে পরীক্ষা করা হচ্ছিল।
ফুটপাথ ধরে রোবটটি যখন হাঁটছিল, তখন সামনে বৃদ্ধাকে হেঁটে যেতে দেখে সে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধা হঠাৎ রোবটটিকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন। বৃদ্ধা কোনও চোট না পেলেও তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশকর্মী ঘটনাস্থল থেকে রোবটটিকে সরিয়ে তার মালিকের কাছে নিয়ে যায়। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। কয়েক জন নেটাগরিক লিখেছেন, ‘‘রোবটও গ্রেফতার! তা-ও হেনস্থার অভিযোগে! কালে কালে কত কী যে দেখতে হবে!’’