Viral Video

ছুটিতে থাকলেও কর্তব্যে ফাঁকি নেই! পুলিশকর্তার তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বালক! ভিডিয়ো ভাইরাল

সুইমিং পুলে ডুবে যাওয়া থেকে এক শিশুকে উদ্ধার করলেন এক পুলিশকর্মী। সিপিআর দিয়ে সুস্থও করে তুললেন। ঘটনাটি আমেরিকার ফ্লরিডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৩:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি সুইমিং পুল থেকে ৬ বছর বয়সি এক বালককে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর এক কর্তা। এমনই একটি ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি আমেরিকার ফ্লরিডার। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মী সে সময় ছুটিতে ছিলেন। তা সত্ত্বেও কর্তব্যে অবিচল ছিলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ওই পুলিশকর্তার নাম গ্রেগরি সিমন্ডস। পাসকো কাউন্টির একটি কমিউনিটি পুলে অবসর সময় কাটাতে গিয়েছিলেন তিনি। হঠাৎই তাঁর নজরে পড়ে এক শিশু নিশ্চল ভাবে পুলের জলে ভেসে রয়েছে। তৎক্ষণাৎ জামাকাপড় পরা অবস্থাতেই জলে ঝাঁপ দেন তিনি। অচেতন শিশুটিকে জল থেকে তুলে এনে সিপিআর দেওয়া শুরু করেন। ধীরে ধীরে শিশুটির জ্ঞান ফিরে আসে। একটি সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটি সম্পর্কে জানা গিয়েছে। ওই ফুটেজ থেকে জানা গিয়েছে যে ঘটনাটি চলতি বছরের ১৬ মে-র। তবে, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পাসকো কাউন্টি শেরিফ অফিসের কর্পোরাল জে লেদার্স জানান, সিমন্ডসের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বলিষ্ঠ পদক্ষেপের কারণেই শিশুটি বেঁচে গিয়েছে। গ্রেগরির বিভাগের ভারপ্রাপ্ত সহকারী সচিব লরেন বিস এই তৎপরতার প্রশংসা করে বলেন, “এই পুলিশকর্মী দ্রুত পদক্ষেপ করে ৬ বছর বয়সি বালককে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। আমাদের কর্মীরা সত্যিই সেরাদের সেরা।”

Advertisement

এক্সের (সাবেক টুইটার) ‘টিডব্লিউটি_আনলিশড’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। সকলেই ওই পুলিশকর্তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁকে বিশেষ ভাবে পুরস্কৃত করারও দাবি জানিয়েছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement