Viral Video

পাহাড়ে বেড়াতে গিয়ে গাড়ির ছাদে উঠে পড়লেন যুবকেরা, জামা খুলে করলেন অশালীন আচরণ! ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চার চাকা গাড়ির ছাদের উপরে বসে রয়েছেন দুই তরুণ। আর এক তরুণের দেহের উপরের অংশ গাড়ির জানলা দিয়ে বার হয়ে আছে। তিন জনের কারও ঊর্ধ্বাঙ্গেই কোনও পোশাক নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৩:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘুরতে গিয়ে আনন্দে মেতে ওঠা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অতিরিক্ত আনন্দে মেতে উঠে এমন আচরণ করা কখনওই উচিত নয়, যা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটাগরিকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কসোলে।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি চারচাকার গাড়ির ছাদের উপরে বসে রয়েছেন দুই তরুণ। আর এক তরুণের দেহের উপরের অংশ গাড়ির জানলা দিয়ে বার হয়ে আছে। তিন জনের কারও ঊর্ধ্বাঙ্গেই কোনও পোশাক নেই। একেবারে ভাবলেশহীন হয়ে রয়েছেন তাঁরা। ভরা রাস্তায় এমন আচরণ করা যে ঠিক নয়, সে বোধ তাঁদের মধ্যে রয়েছে বলে মনেই হচ্ছিল না ভিডিয়ো দেখে। পিছনে থাকা আর একটি গাড়ি থেকে ভিডিয়োটি করা হয়েছে। তা খেয়াল করেই হয়তো কয়েক মুহূর্ত পর জামা পরতে শুরু করেন গাড়ির ছাদে বসে থাকা দুই তরুণ।

ভিডিয়োটির ক্যাপশনে তরুণদের এই কাজের নিন্দা করা হয়েছে। গাড়ির উপরে চড়ে বসার বিরুদ্ধেও কথা বলা হয়েছে। পোস্টদাতা লিখেছেন, ‘‘সমুদ্রসৈকত হলে তাও মানা যায়, পাহাড়ে ঘুরতে এসে জামা খোলার কারণ কী তা বুঝে উঠতে পারছি না।’’ রাস্তা দিয়ে অন্যান্য পর্যটক যাতায়াত করছেন, স্থানীয় মহিলারাও রয়েছেন, সেই অবস্থায় এমন নির্লজ্জতার সমালোচনা করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্সের (সাবেক টুইটার) ‘নিখিলসাইনি’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। প্রায় ২৮ হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে। অজস্র মন্তব্য জমা পড়েছে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “কিছু মানুষ মনে করেন এ সব কাজ করে নিজেকে ‘কুল’ প্রমাণ করা যায়। আর এই ভাবে এঁরা বিখ্যাত হয়ে উঠবেন।” আবার কারও মতে, স্থানীয় বাসিন্দাদের হাতে মার খেলে তবে এঁরা শুধরোবেন। গাড়ির ছাদে বসার অপরাধে আইনি পদক্ষেপেরও দাবি করেছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement