এ বার বারাসত গভর্নমেন্ট কলেজে উদ্ধার কন্ডোমের প্যাকেট! —নিজস্ব চিত্র।
কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের মতো একই ঘটনা নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে। লাইব্রেরি ভবন থেকে উদ্ধার হল ব্যবহৃত কন্ডোমের প্যাকেট থেকে মদের বোতল। ‘অস্বাভাবিক ভাবে’ সাজানো বেঞ্চ নিয়ে প্রশ্ন পড়ুয়াদের একাংশের। অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ‘খারাপ কাজ’ করতেন কয়েক জন।
কলেজ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল লাইব্রেরি ভবন। সম্প্রতি ওই ভবনের দরজা খোলার জন্য চাবি হাতে পান পড়ুয়াদের একাংশ। কিন্তু ভিতরে ঢুকেই তাঁরা চমকে গিয়েছেন। ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, ভবনের তিনতলায় একাধিক বেঞ্চ জোড়া দিয়ে খাটের মতো করে সাজিয়ে ছিল। পাশের শৌচাগার থেকে কক্ষে থাকা বেঞ্চের তলায় একের পর এক কন্ডোমের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। ছাদে উঠে আর এক চমক। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মদের খালি বোতল। এতে কলেজের নিরাপত্তা এবং সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন পড়়ুয়ারা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কঠোর নজরদারিরও আবেদন করেছেন তাঁরা।
কিছু দিন আগে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম এবং এনএসএস রুম থেকে উইপোকা ধরে যাওয়া বান্ডিল বান্ডিল নোট, আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছিল। কলেজের মধ্যে প্রকাণ্ড বেডরুম, মদের বোতল থেকে গর্ভনিরোধক পর্যন্ত উদ্ধার হয়। বারাসত গভর্নমেন্ট কলেজের এই ঘটনা প্রসঙ্গে অধ্যক্ষ শান্তনু চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘সংশ্লিষ্ট ভবনটি দীর্ঘ দিন ধরে প্রশাসনিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল (কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য) এবং আজই কলেজ কর্তৃপক্ষ তার দায়িত্ব পেয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কী কী উদ্ধার হয়েছে এবং কী ভাবে সেগুলি সেখানে এল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ অধ্যক্ষ জানিয়েছেন, আগেভাগে এ নিয়ে তিনি কিছুই জানতেন না। এমন অভিযোগও এর আগে তাঁর কানে আসেনি।