Tourist VISA

বাংলাদেশিদের ফের পর্যটক ভিসা, খুশির হাওয়া পেট্রাপোলে

পেট্রাপোল স্থলবন্দরকে কেন্দ্র করেই বনগাঁ মহকুমার হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়।

সীমান্ত মৈত্র  

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:২৯
Share:

পেট্রাপোল সীমান্ত ধরে এগোচ্ছে পণ্যবাহী ট্রাক। —নিজস্ব চিত্র।

প্রায় দু’বছর বন্ধ থাকার পরে ফের বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করতে চলেছে ভারত সরকার। কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ঘোষণা করেছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকেরা ফের পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ঘোষণার পর থেকেই দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে যাত্রী সঙ্কটের কারণে কার্যত মুখ থুবড়ে পড়া সীমান্তকেন্দ্রিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহণ কর্মী, কুলি, হোটেল মালিকেরা।

পেট্রাপোল স্থলবন্দরকে কেন্দ্র করেই বনগাঁ মহকুমার হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে শেখ হাসিনা সরকারের পতনের পরে দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় ভারত সরকার বাংলাদেশিদের পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকেই পেট্রাপোল বন্দরে যাত্রী চলাচল উল্লেখযোগ্য ভাবে কমে যায়। বর্তমানে মূলত মেডিক্যাল ভিসাধারীরাই সীমান্ত পারাপার করছেন বলে বন্দর সূত্রে জানা গিয়েছে।

পেট্রাপোলের এক মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিক কার্তিক ঘোষ বলেন, “দু’বছর আগে এমন অবস্থা ছিল যে সারাদিন যাত্রীদের ভিড়ে নাওয়া-খাওয়ার সময় পেতাম না। এখন সারাদিন প্রায় মাছি তাড়িয়ে বসে থাকতে হয়। টুরিস্ট ভিসা আবার চালু হওয়ার খবরের থেকে বড় সুখবর আমাদের কাছে আর কিছু হতে পারে না। আমরা আশা করছি আগের মতো আবার ব্যবসা ফিরবে।”

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “ট্যুরিস্ট ভিসা চালু হলে শুধু যাত্রী বাড়বে না, গোটা পেট্রাপোল বন্দরের অর্থনীতিই নতুন করে গতি পাবে। সীমান্ত এলাকার হাজার হাজার মানুষের জীবিকা আবার স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা এবং উগ্র মৌলবাদীদের বিভিন্ন মন্তব্য ও কার্যকলাপের কারণে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ করেছিল। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কেরও উন্নতি হচ্ছে। সে কারণেই কেন্দ্র সরকার ফের ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পেট্রাপোল-বনগাঁ সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াবে এবং হাজার হাজার মানুষ উপকৃত হবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন