Weather Forecast in West Bengal

গরম কমবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস, দ্বিতীয় দফার ভোটের দিন আবহাওয়া কেমন

আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তার পর থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২১:৪০
Share:

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

ভোটের উত্তাপের সঙ্গেই পশ্চিমবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। তাপমাত্রার পারদ চড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পরের সপ্তাহেই এই পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তার পর থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া!

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে গরম নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। তবে একই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার রাত থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, রবিবার এবং সোমবার পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। ১ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Advertisement

দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল কেমন থাকবে আবহাওয়া? দ্বিতীয় দফায় ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, এই সাত জেলায় ২৯ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভোটের আগেই রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, সকালের দিকে বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে কিছুটা গরম বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে বিকেল বা সন্ধ্যায় আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরাল রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে। দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্তও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement