TMC Leader Arup Chakraborty

‘দল যে ভরসা রেখেছিল, তার জন্য কৃতজ্ঞ’! পুরসভার পরে এ বার তৃণমূলের মুখপাত্রের পদ ছাড়লেন অরূপ

বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে পুরসভার পদে ইস্তফাপত্র জমা দেন অরূপ। সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর সুশান্ত ঘোষ। ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৫:৫১
Share:

অরূপ চক্রবর্তীর ইস্তফা লেখা ইমেল। — নিজস্ব চিত্র।

এ বার তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তী। ইমেলে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছেন তিনি। তবে দল তাঁর উপরে যে ভরসা রেখেছিল, দায়িত্ব দিয়েছিল, তার জন্য তিনি ‘কৃতজ্ঞ’। এর আগে বুধবার পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন কাউন্সিলর অরূপ।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ইমেল করেন অরূপ। সেই ইমেলে তিনি সম্বোধন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাতে তিনি লিখেছেন, ‘‘দলকে এ ভাবে সেবা করতে পেরে আমি সম্মানিত হয়েছি। যত দিন কাজ করেছি, তত দিন দলের ভাবধারা, মূল্য এবং দর্শন তুলে ধরার চেষ্টা করেছি, যখন মানুষ এবং সংবাদমাধ্যমের সামনে দলের প্রতিনিধিত্ব করেছি।’’ তার পরেই তিনি আরও লেখেন, ‘‘দলের নেতৃত্ব আমার উপর যে ভরসা রেখেছে, দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’’ তার পরেই ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ জানান, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে পুরসভার পদে ইস্তফাপত্র জমা দেন অরূপ। সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর সুশান্ত ঘোষ। ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দেন দু’জনে। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ যে তাঁরা ছাড়ছেন না সে কথা দু’জনেই জানিয়ে দিয়েছেন। পরে সাংবাদিক বৈঠক করে অরূপ বলেন, ‘‘ভোটে এই ফল কাম্য ছিল না। তবে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হার স্বীকার করতে না-পারলে আগের জয় মিথ্যা হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এত দিন যাঁরা মন্ত্রী ছিলেন, যাঁরা এত দিন সুবিধা নিয়েছিলেন, তাঁরা এখন কোথায়?’’ এ বার তিনি তৃণমূলের মুখপাত্র পদ থেকেও ইস্তফা দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement