Bee Stings

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মৌমাছির হানা! অভিভাবক, পুলিশ থেকে পথচলতি মানুষ আক্রান্ত, শোরগোল

অভিভাবকদের পাশাপাশি মৌমাছির হামলার শিকার হন ডিউটিতে থাকা এক ট্র্যাফিক পুলিশকর্মী এবং পথচলতি কয়েক জন। মুহূর্তের মধ্যেই এলাকায় মৌমাছি-আতঙ্ক শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১২
Share:

—প্রতীকী চিত্র।

ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। স্কুলের বাইরে মাঠে একটি ছাউনিতে অপেক্ষা করছিলেন বাবা-মায়েরা। হঠাৎ মৌমাছির হানায় এ দিক-ও দিক ছোটাছুটি করতে থাকেন সকলে। মৌমাছির কামড় খেয়ে বেশ কয়েক জনকে যেতে হল হাসপাতাল। পূর্ব বর্ধমানের গুসকরার ঘটনা।

Advertisement

শুক্রবার গুসকরা পিপি ইনস্টিটিউশনে চলছিল মাধ্যমিক পরীক্ষা। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন মৌমাছির ‘হামলা’ হয়। স্কুলের মাঠে বেশ কয়েক জন পরীক্ষার্থীর অভিভাবকেরা বসেছিলেন। ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাঁদের আক্রমণ করে। সাঁই সাঁই শব্দে উড়ে এসে একের পর এক কামড় বসাতে থাকে তারা। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিভাবকদের পাশাপাশি মৌমাছির হামলার শিকার হন ডিউটিতে থাকা এক ট্র্যাফিক পুলিশকর্মী এবং পথচলতি কয়েক জন। মুহূর্তের মধ্যেই হুলস্থুল শুরু হয়।

ওই স্কুলমাঠের কাছে একটি গাছে মৌচাক ছিল। অনুমান করা হচ্ছে, কোনও শিকারী প্রাণী বা পাখি মধু খেতে মৌচাকে আঘাত করায় মৌমাছিরা বেরিয়ে এসেছিল। মৌমাছির কামড়ে আক্রান্ত সাত জন অভিভাবককে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সকলেই বিপন্মুক্ত।

Advertisement

স্বস্তির বিষয়, কোনও মাধ্যমিক পরীক্ষার্থী মৌমাছির আক্রমণে আক্রান্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মৌচাক অপসারণ করা যায় কি না, দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement