Thief

ট্রেনের সংরক্ষিত কামরা থেকে সোনার গয়না চুরি, গ্রেফতার অভিযুক্ত

শুক্রবার ভোরে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আজিজুল নামের এক যুবককে ধরে জিআরপি। বিহারের বাসিন্দার ব্যাগ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৬
Share:

—প্রতীকী চিত্র।

দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে এক যাত্রীর সোনার গয়না চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম আজিজুল সর্দার। শুক্রবার বর্ধমানের ঘটনা।

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি বিহারের মধুবনী থানার গান্ধীচকের বাসিন্দা মুকেশ কুমার সপরিবারে মুজফ্‌ফরপুর থেকে হাওড়ায় যাচ্ছিলেন। বাগ এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় চেপে সফর করছিলেন তাঁরা। ট্রেন বর্ধমান স্টেশন ছাড়লে এক যুবক তাঁদের ব্যাগ চুরি করে চম্পট দেয়। ওই ব্যাগে ছিল সোনার গয়না, এটিএম কার্ড, মোবাইল, প্যান ও আধার কার্ড। হাওড়ায় ট্রেন পৌঁছোনোর পরে জিআরপিতে অভিযোগ দায়ের করেন মুকেশ। জিআরপি এফআইআর করার পরে অভিযোগটি তদন্তের জন্য বর্ধমান জিআরপিতে পাঠানো হয়।

শুক্রবার ভোরে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আজিজুল নামের এক যুবককে ধরে জিআরপি। বিহারের বাসিন্দার ব্যাগ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সে। জিআরপির দাবি, জেরায় ধৃত জানিয়েছে চুরির জিনিসপত্র সে বিক্রি করে দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার পুড়ালি সাহাপুরের বাসিন্দা আজিজুল শুক্রবারই পেশ করা হয় বর্ধমান সিজেএম আদালতে। চুরির জিনিস উদ্ধার করতে চেয়ে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় জিআরপি। বিচারক তিন দিনের হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement