Abhishek Banerjee

মঙ্গলবার তলব সত্ত্বেও যাননি, ‘ডিজে’-তদন্তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিষেককে আগামী বুধবার ফের ডাকল আদালত

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় হাই কোর্টে এখনও স্বস্তি পাননি অভিষেক। তাঁর মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ অবস্থায় আগামী বুধবার ফের অভিষেককে ডেকে পাঠাল বিধাননগর আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৩:২০
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

মঙ্গলবার তলব করেছিল বিধাননগর আদালত। কিন্তু যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কা খেয়েছেন হাই কোর্টেও। এ অবস্থায় ‘ডিজে’ মন্তব্য নিয়ে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের তাঁকে তলব করল বিধাননগর আদালত। আগামী বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় তাঁকে বিধাননগর আদালতে যেতে বলা হয়েছে। সেখানেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।

Advertisement

বিধানসভা ভোটের প্রচারপর্বে বিভিন্ন সভা থেকে ‘ডিজে বাজানো’ নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। ভোটের ফল বেরোনোর পর ‘ডিজে বাজবে’ বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” ওই সময়ে একাধিক প্রচারসভায় এমন মন্তব্য করেন অভিষেক। নির্বাচন পরবর্তী সময়ে তা নিয়ে মামলা হয় অভিষেকের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। প্রথমে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পরে সিআইডি ওই মামলার তদন্ত শুরু করে।

ওই ‘ডিজে’ মন্তব্যের তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন সিআইডি-র আধিকারিকেরা। বিধাননগর আদালত তাতে সম্মতিও দেয়। কিন্তু তার বিরোধিতা করে হাই কোর্টে যান অভিষেক। সাংসদের বক্তব্য, ওই কণ্ঠস্বর তাঁরই। এ বিষয়টি তিনি অস্বীকারও করেননি। তার পরেও কেন কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা করেন তিনি।

Advertisement

উল্লেখ্য, বিধাননগর আদালতের নির্দেশ ছিল, গত মঙ্গলবার (৩০ জুন) ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞও সেই মতো প্রস্তুত ছিলেন বলে খবর। তবে শেষ পর্যন্ত অভিষেক যাননি বিধাননগর আদালতে। মঙ্গলবার হাই কোর্টেও তাঁর কণ্ঠস্বর মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘তদন্তে কোনটা প্রয়োজন, আর কোনটা নয়, সেটা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।’’ অভিষেকের মামলার শুনানির মাঝপর্যায়েই তিনি তা ছেড়ে দেন।

এ অবস্থায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির অফিসে চিঠি পাঠিয়েছেন সাংসদের আইনজীবীরা। ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement