Abhishek Banerjee

অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে কালো টাকা সাদা করার অভিযোগ! ইডির তদন্ত চেয়ে চিঠি দিলেন বিজেপি নেতা

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, মডেল স্বাস্থ্য শিবিরের নামে বেসরকারি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২০:০৮
Share:

সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে ইডি-তে নালিশ বিজেপির। ফাইল ছবি।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির নিয়ে বেনিয়মের আরও বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। ডায়মন্ড হারবার এলাকার পদ্ম শিবিরের নেতা অভিজিৎ দাসের অভিযোগ, মডেল স্বাস্থ্যশিবিরের নামে কোটি কোটি টাকা ব্যয় করে আসলে সরকারি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং বেসরকারি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। এই ঘটনায় সাংসদ অভিষেক এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তের আবেদন জানিয়ে ওই কেন্দ্রীয় সংস্থাকে চিঠি পাঠিয়েছেন ওই বিজেপি নেতা।

Advertisement

অভিজিৎ দাসের অভিযোগ, ‘‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যে ‘সেবাশ্রয়’ শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে সাধারণ মানুষকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়াই হয়নি। বরং একে একটি বড়সড় আর্থিক দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। নিজের অভিযোগের সপক্ষে বিজেপি নেতা বলেন, ‘‘এই সব এলাকা থেকে প্রচুর পরিমাণ টাকা তোলা হয়েছিল। একটি বেসরকারি ক্যাম্পের জন্য সরকারি স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থার পুরোপুরি অপব্যবহার করা হয়েছে। কোনও নির্দিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য ইডির তদন্ত প্রয়োজন। আমি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।’’

বিজেপি নেতৃত্বের দাবি, ‘সেবাশ্রয়’ শিবিরের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এর নেপথ্যে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে। অভিজিতের আরও হুঁশিয়ারি, এই শিবিরে হওয়া দুর্নীতির সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি ধাপে ধাপে সেই সব তথ্য সাধারণ মানুষের সামনে নিয়ে আসবেন। বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হওয়ার পর এই ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার জুড়ে তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement