হলদিয়া সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। — ফাইল চিত্র।
হলদিয়া সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। যাওয়া যাবে বিদেশেও। গত রাতে একটি নির্দেশিকা জারি করে হলদিয়া সমুদ্র বন্দরকে বৈধ অভিবাসন কেন্দ্র বা ইমিগ্রেশন চেক পোস্ট হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে দেশে সামুদ্রিক অভিবাসন কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪১।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী অভিবাসন কেন্দ্র রয়েছে এমন ৪১তম সামুদ্রিক বন্দর হিসাবে হলদিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই পদক্ষেপের ফলে হলদিয়া বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রী ও বিদেশি নাবিকদের যাতায়াত আরও সহজ হবে। এত দিন হলদিয়ায় বিদেশি জাহাজ এলেও, অভিবাসন কেন্দ্র না থাকায় বিদেশি নাগরিকেরা নামতে পারতেন না। ওই নির্দেশিকার পরে এক বার অভিবাসন কেন্দ্র গড়ে উঠলে আর বিদেশি নাবিকদের ভারতে নামতে সমস্যা থাকবে না। তেমনই ভারতীয়রা হলদিয়া থেকে বিদেশে যেতে পারবেন। এর ফলে ক্রুজ় ব্যবসার অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে হলদিয়া। কেন্দ্রের বক্তব্য, বন্দর পরিকাঠামোর উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহ দিতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হলদিয়াকে বেছে নেওয়া হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে