Vande Mataram in Schools

রাজ্যের সব সরকারি স্কুলে ক্লাসের আগে ‘বন্দে মাতরম্’ গাইতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে এ বার থেকে ক্লাস শুরু হওয়ার আগে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। আগামী সোমবার এই নিয়ম কার্যকর হয়ে যাবে। বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:৫১
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ গাইতে হবে। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে। এ বার সরাসরি তা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে তা জারিও হয়ে গিয়েছে।

Advertisement

সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতের সময়ে ‘বন্দে মাতরম্’ গাইতে হবে— এই মর্মে বিকাশ ভবন থেকে আগেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতেই সেই নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দু বলেন, “আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম্ গেয়ে বিদ্যালয় (ক্লাস) শুরু করতে হবে। সেই নোটিসটা জারি করব।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনুষ্ঠানিক ভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

বিকাশ ভবন সূত্রে খবর, এই প্রক্রিয়াটি যাতে সব সরকারি স্কুলে সুষ্ঠু ভাবে শুরু করা যায়, তার জন্য আগাম প্রস্তুতি নিতে হোয়াট্‌সঅ্যাপ বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। বস্তুত, জাতীয় গান নিয়ে এই সরকারি নির্দেশ কার্যকর হবে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রেই। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও এই অনুশীলন শুরুর অনুরোধ করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষারও ফলপ্রকাশ হয়েছে। রাজ্যের সকল কৃতী পড়ুয়াকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তাঁরা স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলে এগিয়ে যাক।” ভবিষ্যৎ প্রজন্মের এই সাফল্যকে উদ্‌যাপন করারও বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, তিনি মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে কথা বলতে আগ্রহী। সেই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি। সংশ্লিষ্ট এলাকার মহকুমাশাসকেরা রাজ্য সরকারের শুভেচ্ছাবার্তা নিয়ে ওই কৃতী পড়ুয়াদের বাড়িতে যাচ্ছেন বলেও জানান শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement