—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) এলাকার কয়েক জনের নাম বাদ গেলেও, বিজেপির কেউ তাঁদের পাশে দাঁড়াননি, এই অভিযোগে বিজেপি কর্মীদের ‘পরিবর্তন যাত্রার’ পোস্টার সাঁটাতে বাধা দিলেন কিছু বাসিন্দা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের প্রান্তিকা এলাকায় বিজেপি কর্মীদের ধাওয়া করেন ওই বাসিন্দারা। পোস্টার না সাঁটিয়ে ফিরে যান তাঁরা। সমাজমাধ্যমে সে ভিডিয়ো ছড়ানোর পরে, বেধেছেরাজনৈতিক তরজা।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ৩,৮২৮ জনের নাম বাদ পড়েছে, যা জেলার কোনও কেন্দ্রে সর্বোচ্চ। ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা সাড়ে ১১ হাজারের বেশি। এই কেন্দ্রেরই প্রান্তিকায় শুক্রবার দুই বিজেপি কর্মী পোস্টার সাঁটাতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন। জনা কয়েক বাসিন্দা তাঁদের ঘিরে ধরে প্রশ্ন করেন, এসআইআর-এ যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ফর্ম ৬ পূরণে তাঁরা সাহায্য করেননি কেন? ভোটারদের বিপদে পাশে না দাঁড়িয়ে, পোস্টার দিতে এসেছেন কেন? স্থানীয় সূত্রের খবর, ওই বিজেপি কর্মীদের মধ্যে এক জন ছিলেন বহিরাগত। পরিস্থিতি তপ্ত হতেই, তাঁরা এলাকা ছাড়েন।
এলাকার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের যদিও দাবি, “আমি ও আমাদের কর্মীরা বছরভর এলাকাবাসীর পাশে আছি। তৃণমূল পরিকল্পনা করে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।’’ তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসনের পাল্টা বক্তব্য, “বছরভর আমরা থাকি এলাকায়। ভোট আসছে বলে বিজেপির কেউ-কেউ বেরিয়েছেন। পাঁচ বছর ধরে বিধায়ককে দেখতে না পেলে, ক্ষোভ হওয়া স্বাভাবিক।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে