COVID-19

করোনার ভয়ে স্কুল বন্ধ, আইআইটিতেও সংক্রমণ, বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য দফতর , পুলিশ এবং সংশ্লিষ্ট অন্য দফতরের আধিকারিকরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ২১:০৯
Share:

স্কুলের গেটে নোটিস। নিজস্ব চিত্র।

ভোট মিটতেই করোনা আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। সংক্রমণের ভয়ে বন্ধ হল স্কুল। তড়িঘড়ি বৈঠকে বসতে বাধ্য হল জেলা প্রশাসন।

Advertisement

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে গত ৩ দিনে ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন জেলায়। খড়্গপুর আইআইটিতে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন। পরিস্থিতি পর্যালোচনা করতে আগেই জেলা টাস্ক ফোর্সের বৈঠক করেন জেলাশাসক রশ্মি কোমল। বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য দফতর , পুলিশ এবং সংশ্লিষ্ট অন্য দফতরের আধিকারিকরাও।

বৈঠকের পর জেলাশাসক রশ্মি বলেন, ‘‘জেলায় করোনা নমুনা সংগ্রহ আরও বাড়ানো হচ্ছে। হাসপাতালগুলিতেও সব রকম ব্যবস্থা করা হয়েছে। খড়্গপুর এবং ঘাটাল মহকুমা হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শালবনি করোনা হাসপাতালেও চিকিৎসার সবরকম ব্যবস্থা প্রস্তুত।’’ তবে জেলায় গত তিনদিনে ৬৮ জনের করোনা আক্রান্ত হওয়া নিয়ে রশ্মিকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘এখনই চিন্তার কিছু নেই।’’

Advertisement

যদিও ইতিমধ্যেই করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে জেলায়। বুধবার মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে নোটিস দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এক স্কুলকর্মী ও তাঁর পরিবারের করোনা সংক্রমণের খবর পেয়ে স্কুল বন্ধ রাখার নোটিস ঝোলান কর্তৃপক্ষ। এমনকি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, নিভৃতবাসেও পাঠানো হয় স্কুলের অন্যান্য কর্মী এবং শিক্ষিকাদের।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্বাচন হয়ে যাওয়ার পরেই খুলেছিল স্কুল। সেদিনই ওই কর্মী স্কুলে আসেন। তাঁর পরিবারের সদস্যদের করোনা হয়েছে জানতেই, স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের পরিচালন সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ বলেন, ‘‘এক স্কুলকর্মীর করোনা সংক্রমিত হওয়ার খবর আসার পরেই স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। কোনও শিক্ষিকা বা স্কুলের অন্য কর্মী তাঁর সংস্পর্শে এসেছিলেন কি না, তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকেই নিভৃতবাসে থাকতে বলা হয়েছে।’’ স্কুলে আপাতত ক্লাস চলছিল নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। যদিও তারা কেউ ওই ওই স্কুল কর্মীর সংস্পর্শে আসেনি বলেই স্কুল সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement