Special Observer for Assembly Election

এসআইআর-এর পর সুব্রত গুপ্তকে বিধানসভা ভোটেরও বিশেষ পর্যবেক্ষক করল নির্বাচন কমিশন

ভোট ঘোষণা হওয়ার আগে রাজ্যে ইতিমধ্যে দুই ধাপে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে। এ বার ভোট তদারকির জন্য বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করে ফেলল কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:৪৯
Share:

ভোটারদের লাইন। —ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রত গুপ্তকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এত দিন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। সূত্রের খবর, এসআইআর-এর কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে তাঁর কাজে খুশি কমিশন। সেই কারণে এ বার তাঁকে বিধানসভা ভোটেরও বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ওই দল দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবারই ফিরে গিয়েছে দিল্লিতে। ঘটনাচক্রে, কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরই জানা যায়, বিধানসভা ভোটে বিশেষ পর্যবক্ষক করা হচ্ছে ওই অবসরপ্রাপ্ত আমলাকে।

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার পর মঙ্গলবারই জ্ঞানেশ জানান, এ বার পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ থাকবে। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবেন না। স্বচ্ছতার খাতিরে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটার ভোট দিতে পারবেন কি না, তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন, বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখার কাজ করছেন আদালত নিযুক্ত বিচারক এবং বিচারবিভাগীয় আধিকারিকেরা।

Advertisement

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ। ভোট ঘোষণা হওয়ার আগে রাজ্যে ইতিমধ্যে দুই ধাপে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে। এ বার ভোট তদারকির জন্য বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করে ফেলল কমিশন।

রাজ্যে এসআইআর-এর কাজ শুরু হওয়ার পরে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে সুব্রতকে নিয়োগ করেছিল কমিশন। তাঁর ভূমিকা নিয়ে সেই থেকেই প্রশ্ন তুলে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে তাঁর নাম না-করে খোঁচা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনকি গত মাসে এসআইআর নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বৈঠকে বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রতর উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছিল রাজ্য। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল সেই সময় জানান, এসআইআর সংক্রান্ত কাজে প্রথম থেকে রয়েছেন সুব্রত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তিনি উপস্থিত ছিলেন বলে জানান সিইও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement