Messi Incident

মেসি-কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস! আইনজীবী পাঠিয়ে সময় চাইলেন পুলিশের কাছে

কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতে অরূপকে সমন পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয় টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ককে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৩:২০
Share:

(বাঁ দিকে) অরূপ বিশ্বাস এবং লিয়োনেল মেসি (ডান দিকে) —ফাইল চিত্র।

মেসি-কাণ্ডের তদন্তে থানায় হাজিরা দিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে চিঠি দিয়ে হাজিরা দেওয়ার জন্য ১৪ দিন সময় চান অরূপের আইনজীবী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতে অরূপকে সমন পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয় টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তার পরেই সময় চেয়ে বৃহস্পতিবার পুলিশকে চিঠি দেন অরূপের আইনজীবী। অন্য দিকে, অভিযোগ দায়ের হওয়ার পরেই আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আগামী ৯ জুন অরূপের জামিন-মামলার শুনানি রয়েছে। একটি সূত্রের দাবি, আদালতের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন অরূপ।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু। বিশৃঙ্খলার ঘটনার পর পরই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তার পরই শতদ্রু অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শতদ্রুর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অরূপদের বিরুদ্ধে বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়। সেগুলি হল— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। সেই এফআইআরের পরই যুবভারতী-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ। যদিও ইতিমধ্যেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন অরূপ। বারাসত আদালতে মামলা করেছেন তিনি।

Advertisement

মেসির সফরে যুবভারতীর অনুষ্ঠানের প্রচুর টিকিট শতদ্রুর কাছ থেকে অরূপ দাবি করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শতদ্রুর দাবি, ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট নিয়েছিলেন অরূপ। পরে সেগুলি কালোবাজারি করা হয়। যুবভারতীতে মেসিদের ঘিরে যে ভিড় হয়েছিল, সেখানে মন্ত্রী, নেতা এবং তাঁদের ঘনিষ্ঠজনেরাই ছিলেন। অভিযোগ, অরূপকে কার্যত লেপ্টে থাকতে দেখা গিয়েছিল মেসির গায়ে। শতদ্রু আরও দাবি করেন, অরূপ-সহ প্রশাসনের কয়েক জনের ‘ভুলের’ কারণে মেসির অনুষ্ঠান ‘পণ্ড’ হয়ে গিয়েছে। অনুমতি ছাড়া অনেকে মাঠে প্রবেশ করেছিলেন। যাঁরা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁদের কেউ মেসিকে দেখতেই পাননি।

যুবভারতীতে বিশৃঙ্খলায় অরূপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার শিকার হন তিনি। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নিয়েছিলেন তদন্ত শুরু হওয়ার পর। পুলিশ আদালতে জানিয়েছিল, ৩৫ হাজার দর্শক মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি হয়েছিল ১৯ কোটি টাকার। বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে বিজেপি। তার পর নতুন করে মেসিকাণ্ড আলোচনায় উঠে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement