সব্যসাচী দত্ত। ছবি: পিটিআই।
দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (ফ্রিজ়) করল পুলিশ। ওই অ্যাকাউন্টগুলির মধ্যে একটি অ্যাকাউন্ট স্ত্রী ইন্দ্রানী দত্তের সঙ্গে যৌথ ভাবে রয়েছে সব্যসাচীর।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজ়িট), নগদ মিলিয়ে ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল টাকার উৎস কী, তা জানতে তথ্য জোগাড় করছে পুলিশ। পাশাপাশি ওই অ্যাকাউন্টগুলিতে যাতে নতুন করে কোনও লেনদেন না-হয়, তাও সুনিশ্চিত করতে চাইছে পুলিশ। সেই কারণেই অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সব্যসাচীকে বুধবার আদালতে পেশ করা হয়। বিধাননগর উত্তর থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত ৮ জুন ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সব্যসাচী। পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সব্যসাচী বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন যে স্করপিও গাড়ি ব্যবহার করতেন, সাদা রঙের সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার আদালতে পুলিশের তরফে সব্যসাচীকে আরও ছ’দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়।