— প্রতীকী চিত্র।
গ্ৰাহক সেজে দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল। সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় দিনের বেলায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। গয়না চুরির ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তদন্তে নেমেছে পুলিশ।
শুক্রবার সকালে দোকান খোলেন স্বর্ন ব্যবসায়ী সঞ্জয় পোলেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্ৰামে রাস্তায় পাশেই তাঁর দোকান। বেলা সাড়ে ১০টা নাগাদ টুপি পরা এক জন তাঁর দোকানে ঢুকে গয়না দেখতে চান। দোকান মালিক সঞ্জয় জানান, ওই ক্রেতা একের পর এক গয়না দেখাতে বলেন। দেখার অছিলায় বেশ কিছু সোনার গয়না পকেটে ঢুকিয়ে নেন। হঠাৎ দোকান থেকে ছুটে তিনি বাইরে বেরিয়ে যান বলে অভিযোগ।
সঞ্জয় জানান, বাইরে রাস্তার ধারে মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিলেন এক জন। তাতে চেপে চম্পট দেন দু’জনে। বিষয়টি বুঝতে পেরে দোকান থেকে বেরিয়ে চেঁচামেচি করলেও লাভ হয়নি। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। এর পরেই ব্যবসায়ী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। দোকানের সিসি ক্যামেরা এবং আশপাশের একাধিক রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্ৰহ করে তদন্ত শুরু হয়েছে।
ব্যবসায়ী সঞ্জয় জানান, ক্রেতা সেজে আসা ওই ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন। প্রথমে কানের রিং দেখতে চান। তার পরে একের পর এক গয়না দেখতে চান। প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্ত।