নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে মূর্তি তৈরির কথা আগেই জানা গিয়েছে। এ বার মুখ্যমন্ত্রীকে দশভুজা রূপে কল্পনা করে আলোকসজ্জা তৈরি হয়েছে চন্দননগরে। যা দেখা যাবে দুর্গাপুজোর সময়।
ব্যারাকপুরের এক আলোক-প্রতিষ্ঠান নরেন্দ্রপুর এলাচি সংঘের পুজোর আলোকসজ্জা করছেন। সেখানেই আলোয় ফুটে উঠবে ‘দশভুজা মমতা বন্দ্যোপাধ্যায়’-এর রূপ। সেই আলোকমালায় দেখা যাবে দশ হাতে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘স্বাস্থ্যসাথী’, ‘কন্যাশ্রী’ থেকে বিভিন্ন প্রকল্প তিনি ছড়িয়ে দিচ্ছেন। আর টিকার সিরিঞ্জ দিয়ে অসুর রূপের করোনাকে বধ করছেন।
চন্দননগরের শিল্পী অভিজিৎ দাসের ভাবনায় আঁকা ছবিকে পলি ও ফাইবার বোর্ডের উপর রঙ-তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর পাকিড়া। পোলবার রাজহাটে তাঁর স্টুডিওতে এখন চরম ব্যস্ততা। মাঝে মাঝে নিম্মচাপের বৃষ্টি চিন্তায় রেখেছে। আঁকা শুকোনোর পর টুনির আলো গাঁথা হবে। ব্যারাকপুরের ওই আলোক-প্রতিষ্ঠানের কর্ণধার শুভ মণ্ডল বলেন, ‘‘চন্দননগরের শিল্পী অভিজিৎকে বলেছিলাম মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা থিম এঁকে দিতে। যে পুজোয় যাবে, তাদের চাহিদা ছিল মুখ্যমন্ত্রীর করোনাসুর বধের থিম। সমীর পাকিড়া নাম করা শিল্পী। তাঁকে দিয়ে এই থিমের রং করানো হয়েছে। এর পর এলইডি গেঁথে থিমকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।’’
শিল্পী অভিজিৎ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই করোনাকালে এই রকম থিমের কথা যখন শুভ বললেন, আমি না করিনি।’’