Ranjan Poddar Arrest

বাস-অটো থেকে তোলাবাজি! সুজিতের ঘনিষ্ঠ বিধাননগরের আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! পাকড়াও শাগরেদও

প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২০:৩৭
Share:

বিধাননগরে একটি অনুষ্ঠানমঞ্চে পাশাপাশি সুজিত বসু এবং রঞ্জন পোদ্দার। —ফাইল চিত্র।

বিধাননগর পুরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার!

Advertisement

এ বার ইডির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে। রঞ্জনের শাগরেদ জনৈক রানাকে আগেই পাকড়াও করেছিল পুলিশ। এ বার ধরা হল পুরপিতাকেও।

ধৃত রঞ্জন কাউন্সিলর ছাড়াও ৫ নম্বর বরোর চেয়ারম্যানও। তাঁর বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ করেছিলেন সল্টলেক-করুণাময়ী রুটের কয়েক জন বাসমালিক এবং কর্মী। তারই তদন্তে নেমে বুধবার বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি-বেসরকারি বাস থেকে তোলা তোলার অভিযোগ যেমন রয়েছে, অটো থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। বাসমালিক এবং কর্মীদের অভিযোগ, দৈনিক তোলা আদায় করা হত তাঁদের কাছ থেকে। এ নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেছিলেন তাঁরা।

Advertisement

রঞ্জনের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য প্রথম নয়। তবে এ বার তাঁকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে। এর আগে তোলাবাজির অভিযোগেই বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকার দোকানদারেরা থানায় অভিযোগ করেছিলেন। এমনই এক দোকানদারের দাবি, তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে। ওই ঘটনায় পাশাপাশি অভিজিৎ পোল্লে ওরফে ছোটু নামে একজনকেও গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, প্রাক্তন পুরপ্রধান সব‍্যসাচী দত্তের ‘ঘনিষ্ঠ’ ছিলেন ছোটু।

মঙ্গলবার রাতে বিধাননগর পুরনিগমের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ‘ডান হাত’ অমিত চক্রবর্তী ওরফে ননী গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে অবশ্য ভিন্ন অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement