KMC & Cleaning Machines

ছোট গলিপথেও স্বয়ংক্রিয় ঝাড়ু, ৯০ কোটি টাকায় ৬৯টি আধুনিক সাফাই মেশিন নামাল কলকাতা পুরসভা

সম্প্রতি নতুন মেশিনগুলির কার্যকারিতা খতিয়ে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আপাতত ২০টি এমন ইলেকট্রনিক মেকানিক্যাল সুইপার কেনা হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬
Share:

রাস্তায় ঝাড়ু দেওয়ার জন‍্য কলকাতা পুরসভায় আনা হয়েছে অত‍্যাধুনিক যন্ত্র । —নিজস্ব চিত্র।

শহরের গলিপথ থেকে বড় রাস্তা— সব জায়গায় আরও কার্যকর সাফাই ব্যবস্থার লক্ষ্যে একগুচ্ছ আধুনিক মেশিন রাস্তায় নামাল কলকাতা পুরসভা। ছোট আকারের ব্যাটারিচালিত অত্যাধুনিক মেকানিক্যাল সুইপার বা ‘স্বয়ংক্রিয় ঝাড়ু’ চালু করা হয়েছে, যাতে সরু লেন ও আবাসিক এলাকার ছোট রাস্তাও সহজে পরিষ্কার রাখা যায়। আপাতত ২০টি এমন ইলেকট্রনিক মেকানিক্যাল সুইপার কেনা হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পাশাপাশি, বড় রাস্তার জন্য পুরনো মডেলের মেকানিক্যাল সুইপারের পরিবর্তে আনা হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় সুইপার। এই বড় আকারের মেশিনগুলি এক দিকে যেমন ঝাড়ু দিতে সক্ষম, তেমনই ভ্যাকুয়াম ক্লিনারের মতো ধুলো ও ময়লা শোষণ করতে পারে। একই সঙ্গে স্প্রিংকলারের মতো রাস্তায় জল ছিটিয়ে ধুলিকণা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে। এই ধরনের সিএনজিচালিত ২০টি বড় মেশিন ইতিমধ্যেই কেনা হয়েছে।

সম্প্রতি নতুন মেশিনগুলির কার্যকারিতা খতিয়ে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের এক আধিকারিক জানান, শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে প্রযুক্তিনির্ভর সাফাই ব্যবস্থার উপর জোর দিচ্ছে পুরসভা। ব্যাটারিচালিত ও সিএনজি চালিত হওয়ায় এই গাড়ি-মেশিনগুলি তুলনামূলকভাবে কম দূষণ ছড়াবে বলেও দাবি করা হয়েছে।

Advertisement

সবমিলিয়ে ব্যাটারিচালিত ও সিএনজি চালিত বিভিন্ন ধরনের মোট ৬৯টি গাড়ি ও মেশিন রাস্তায় নামানো হয়েছে। এই প্রকল্পে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হয়েছে। পুরসভার আশা, নতুন এই উদ্যোগের ফলে শহরের অন্দরের গলি থেকে প্রধান সড়ক— সব জায়গাতেই দ্রুত ও আধুনিক উপায়ে সাফাই কাজ সম্ভব হবে এবং নাগরিকদের জন্য আরও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement