Kolkata Murder Case

পাঁচ মাসের শিশুকন্যাকে খুন করে দেহ ডাস্টবিনে ফেলেন বাবা! স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর, শোরগোল ময়দান এলাকায়

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ব্রিগেডের অদূরে একটি গোলযোগের খবর মেলে। সেই গোলযোগের মধ্যে থেকেই পুলিশ খুনের বিষয়টি জানতে পারে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২১:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার ময়দান থানা এলাকায় নিজের শিশুকন্যাকে খুন করার অভিযোগে গ্রেফতার এক যুবক। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁদের পাঁচ মাসের কন্যাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসে পিটিয়ে হত্যা করেন। তার পর সেই দেহ তুলে একটি ডাস্টবিনে ফেলে দেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ব্রিগেডের অদূরে একটি গোলযোগের খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, কয়েক জন মিলে এক যুবককে ধরে রেখেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবকের নাম দেবজিৎ জানা ওরফে পিকলু। পুলিশ আরও জানতে পারেন, ওই এলাকার এক শিব মন্দিরের কাছে বসে কয়েক জন আড্ডা মারছিলেন। তাঁরা লক্ষ্য করেন এক তরুণী কান্নাকাটি করছেন। নামধাম জিজ্ঞেস করে তাঁরা জানতে পারেন, ওই তরুণীর নাম কাজল জানা। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী দেবজিৎ তাঁদের পাঁচ মাসের শিশুকন্যাকে পিটিয়ে খুন করেছেন। তার পরে জওহরলাল নেহরু রোডের পাশে রাখা একটি ডাস্টবিনে দেহ ফেলে দেন।

কাজলের অভিযোগ, এই ঘটনাটি ঘটেছে গত রবিবার। পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে উক্ত ডাস্টবিনে যায় পুলিশ। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। পরে কাজলকে নানা ভাবে নানা প্রশ্ন করেন তদন্তকারীরা। কিন্তু তিনি কোনও প্রশ্নেরই উত্তর ঠিকঠাক দিতে পারছিলেন না বলেই পুলিশ সূত্রে খবর। তাঁকে অনেক বেশি বিভ্রান্ত দেখাছিল এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

ছোটু মীর নামে এক জনৈকের অভিযোগের ভিত্তিতে খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে এখনও পর্যন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার রাতে অভিযুক্ত কী পোশাক পরেছিলেন, তা উদ্ধার করা হয়েছে। শুধু তা-ই নয়, সোমবার ওই উক্ত ডাস্টবিন খালি করতে পুরসভার যে গাড়ি এসেছিল, তা শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই গাড়ির সূত্র ধরে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত এবং তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement