Kolkata Metro Disruption

রবীন্দ্র সরোবরে মেট্রোর লাইনে ঝাঁপ! আবার ব্যাহত পরিষেবা, ব্লু লাইনে এক ঘণ্টা ভাঙা পথে চলল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

বৃহস্পতিবার বিকেল ৬টে ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Share:

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। —ফাইল চিত্র।

রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক জন। তার ফলে বৃহস্পতিবার বিকেলে ব্লু লাইনে টানা এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫টা ৪৭ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে। তার আগে পর্যন্ত ভাঙা পথে পরিষেবা চলেছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৬টে ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ডাউন লাইনে ট্রেন আসার আগে ঝাঁপ দেন তিনি। তাঁকে উদ্ধার করার জন্য সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চালানো হয়। পরিষেবা বন্ধ ছিল রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই আত্মহত্যার চেষ্টা হয়। অন্যান্য নতুন তৈরি রুটগুলিতে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হলেও সবচেয়ে পুরনো এই রুটে তা করা যায়নি। অন্য রুটে মেট্রোর লাইন পাঁচিল দিয়ে ঢাকা থাকায় সেখানে ঝাঁপ দেওয়া সম্ভব নয়। কিন্তু ব্লু লাইন দীর্ঘ দিন ধরেই কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সপ্তাহের মাঝে কাজের দিনে বৃহস্পতিবারও সেই সমস্যা। বিকেলে যে সময়ে এই ঘটনা ঘটেছে, তখন অনেকেই অফিস থেকে ফিরছিলেন। অফিসফেরত যাত্রীরা ভোগান্তির শিকার হন। স্টেশনে স্টেশনে মেট্রো থামিয়ে রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টার কথা ঘোষণা করা হয়। তার ফলে পরিষেবা থমকে যায় একাধিক স্টেশনে। অনেকে মেট্রো থেকে মাঝপথে নেমে যাতায়াতের অন্য মাধ্যমের সন্ধান করেন। স্টেশনগুলিতে ভিড়ও বাড়তে থাকে। সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হলেও এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি যাত্রীদের একাংশের। স্টেশনে এবং মেট্রোর ভিতরে ভিড় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement