Accidental Death

খটখটে শহরে গাছের ডাল ভেঙে মৃত্যু

পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রত্যয়ী বসু (৩২)। তিনি পেশায় দন্ত চিকিৎসক ছিলেন। বেলেঘাটা থানার পাশেই পরিবারের সঙ্গে থাকতেন। প্রত্যয়ীর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা। এ দিন বেলা ১২টা নাগাদ এই ঘটনা ঘটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৬:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

আত্মীয়কে গাড়িতে তুলে দিতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন তরুণী। রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলার সময়ে আচমকা একটি গাছের ডাল মাথায় ভেঙে পড়ে মৃত্যু হল তাঁর! রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকার সিআইটি রোডে। বিনা ঝড়-বৃষ্টিতে আচমকা এ ভাবে গাছের ডাল ভেঙে তরুণীর মৃত্যুর ঘটনায় হতবাক থানার আধিকারিক থেকে শুরু করে প্রতিবেশীরা।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রত্যয়ী বসু (৩২)। তিনি পেশায় দন্ত চিকিৎসক ছিলেন। বেলেঘাটা থানার পাশেই পরিবারের সঙ্গে থাকতেন। প্রত্যয়ীর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা। এ দিন বেলা ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। বিশাল গাছের ডাল ভেঙে পড়ায় ওই তরুণীর মাথায় এবং কোমরে আঘাত লাগে। দাঁড়িয়ে থাকা একটি গাড়িও গাছের ডাল পড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে প্রত্যয়ীকে বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকেলে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ই এম বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানেই মারা যান ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে প্রত্যয়ীদের বাড়িতে তাঁদের কয়েক জন আত্মীয় ও বন্ধু-বান্ধব এসেছিলেন। দুপুরে তাঁদের গাড়িতে তুলে দেওয়ার জন্য বেরোন তরুণী। বাড়ির সামনে রাস্তায় পরিচিতদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন। কথা বলার মাঝে আচমকা হুড়মুড়িয়ে রাস্তার পাশের বড় গাছের একটি ডাল ভেঙে পড়ে। পুলিশ সূত্রের খবর, ভাঙা গাছের ডালের নীচে চাপা পড়ে যান প্রত্যয়ী। তাঁর বন্ধুরা চিৎকার শুরু করলে বেলেঘাটা থানার পুলিশকর্মীরা ছুটে আসেন। দ্রুত তাঁরা গাছের ডালটি সরানোর ব্যবস্থা করেন। উদ্ধার করা হয় চিকিৎসক তরুণীকে। পুলিশের সাহায্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও প্রত্যয়ী কথা বলছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেলেও সে ভাবে রক্ত বেরোয়নি বলে জানিয়েছেন স্থানীয়েরা।

এ দিন শহরে ঝড়-বৃষ্টি হয়নি। তার পরেও আচমকা গাছের ডাল ভেঙে পড়া এবং তাতে চাপা পড়ে এক জনের মৃত্যুর ঘটনায় হতবাক এলাকাবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন