Accidental Death

নিউ টাউনে দুই গাড়ির সংঘর্ষের বলি বাইকচালক

বুধবার রাতে নিউ টাউনের যাত্রাগাছি মেট্রো স্টেশন মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। মৃতের নাম শিবা রাও (৩৩)। আহত হয়েছেন আরও দু’জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক ও তিনটি গাড়ি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৮:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

ফের পথ দুর্ঘটনা। ফের নিউ টাউন। ফের মৃত্যু।

বুধবার রাতে নিউ টাউনের যাত্রাগাছি মেট্রো স্টেশন মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। মৃতের নাম শিবা রাও (৩৩)। আহত হয়েছেন আরও দু’জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক ও তিনটি গাড়ি। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ইকো পার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল একটি গাড়ি। যাত্রাগাছি মেট্রো স্টেশন মোড়ে সিগন্যাল খোলা পেয়ে পার হচ্ছিল গাড়িটি। তখন আর একটি গাড়ি উল্টো দিকের লেন ধরে আসছিল। আচমকাই সেটি ওই মোড়ে ইউ টার্ন করে বিশ্ব বাংলা গেটের দিকে যাওয়ার চেষ্টা করে। তাতেই দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

সেখানেই শেষ নয়, সংঘর্ষের পরে প্রথম গাড়িটি ওই মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইক ও একটি গাড়িকে ধাক্কা মারে। মোটরবাইক-সহ গাড়ির তলায় পড়েন চালক। ঘটনাস্থলে যায় নিউ টাউন ট্র্যাফিক পুলিশ এবং ইকো পার্ক থানার পুলিশ। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বাইকচালককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, কী ভাবে দুর্ঘটনা হল, খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে। কারণ বিশ্লেষণ করে দুর্ঘটনা রোধে পদক্ষেপ করা হবে। স্থানীয়দের অভিযোগ, স্পিড ব্রেকার, ট্র্যাফিক ব্যবস্থা, পুলিশি নজরদারি থেকে মামলা রুজু করা সত্ত্বেও গাড়ির গতি বিশ্ব বাংলা সরণিতে কমছে না। অসতর্ক এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রবণতাও রয়েছে। আরও কড়া পদক্ষেপ না করলে নিউ টাউনের দুর্ঘটনা কমানো মুশকিল।

প্রসঙ্গত, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শুধু নিউ টাউনেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আট। রাজারহাটে এক কিশোর এবং সল্টলেকে এক ব্যক্তির মৃত্যু ধরলে বিধাননগর
কমিশনারেটে চলতি বছরে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন