(বাঁ দিকে) আদালতে আইনজীবীর চেম্বারের বাইরে বিক্ষোভ। চেম্বারের ভিতরে অরূপ বিশ্বাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আলিপুর জজ কোর্টে এক আইনজীবীর কাছে গিয়ে বৃহস্পতিবার বিপাকে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সেখানে পৌঁছেছেন খবর পেয়ে চেম্বারের বাইরে ডিম হাতে হাজির হন আইনজীবীদের একাংশ। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি করেন, যুবভারতীতে লিয়োনেল মেসির ইভেন্টের টিকিটের টাকা ফেরাতে হবে। আইনজীবীদের অন্য একটি অংশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন। বিক্ষোভ বৃদ্ধি পেতে থাকলে আইনজীবীর চেম্বারের আলো নিবিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ পুলিশ এসে অরূপকে চেম্বার থেকে বার করে নিয়ে যায়। তাঁকে যখন পুলিশ বার করে, তখন প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ডিম তাঁর গায়ে লেগেছে কি না, স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অরূপ হাজিরা দেন বিধাননগর দক্ষিণ থানায়। সেখানে ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরিয়ে প্রায় ঘণ্টা দুই তিনি কলকাতার বিভিন্ন রাস্তায় ঘোরেন। তার পরে যান জজ কোর্টে আইনজীবী গোপাল হালদারের কাছে। অরূপ আদালতে এসেছেন খবর ছড়াতেই ওই আইনজীবীর সেরেস্তা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদেরই একটা অংশ। অনেকের হাতেই রয়েছে ডিম। বিক্ষোভরত আইনজীবীদের দাবি, যুবভারতীতে মেসির ইভেন্টের টিকিটের টাকা ফেরাতে হবে।
সেই দাবিতে বিক্ষোভকারীরা ওই আইনজীবীর ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। সেখানে আটকে পড়েন অরূপ। আইনজীবীদের অন্য একটা অংশ বিক্ষোভকারীদের বোঝাতে চেষ্টা করেন, আদালতে আইনজীবীর চেম্বারে অভিযুক্ত বা অভিযোগাকারী, যে কেউ আসতে পারেন। তাঁকে বাধা দেওয়া উচিত নয়। যদিও তাতে বিক্ষোভ থামেনি। আইনজীবী চেম্বারে প্রবেশ করার চেষ্টা বন্ধ করলেও অরূপের বিরুদ্ধে বিক্ষোভ জারি রাখেন। অন্য দিকে, আইনজীবীর চেম্বারের ভিতরে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে ছিলেন অরূপ। পরে তিনি চেম্বারের মধ্যেই বসে পড়েন। বাইরে বিক্ষোভ বাড়তে থাকলে চেম্বারের আলো নিভিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত কলকাতা পুলিশ গিয়ে ওই চেম্বার থেকে অরূপকে বার করে নিয়ে যায়। সে সময় কয়েক জন অরূপকে লক্ষ্য করে ডিম ছোড়ে।
মেসি-কাণ্ডে বৃহস্পতিবারই থানায় হাজিরা দেন অরূপ। এর আগে তিন বার তাঁকে তলব করেছিল পুলিশ। প্রতি বারই তিনি হাজিরা এড়িয়েছিলেন। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়োগ্রাফি করা হয়। মেসি-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ। আদালত জানিয়েছে, ২ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। অরূপকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসি-অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিয়োনেল মেসি। তাঁর সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন অরূপ। তাঁর ঘনিষ্ঠেরাও ছিলেন মেসিকে ঘিরে। পরিস্থিতির জেরে কয়েক মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। ওই ঘটনার পর তীব্র সমালোচনার জেরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ।